সন্ধান২৪.কম : বার্সেলোনাকে চূর্ণ করেই জয়ের রাস্তায় আবার ফিরে আসলো রিয়াল মাদ্রিদ। প্রথমে লা লিগায় কাদিসের কাছে হার। তার পরে চ্যাম্পিয়ন্স লিগে শাখতার ডনেস্কের বিরুদ্ধে বিপর্যস্ত। টানা দু’ম্যাচে হারের পরে জ়িনেদিন জ়িদানের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠে গিয়েছিল। চোট সারিয়ে অধিনায়ক সের্খিয়ো র্যামোস মাঠে ফিরতেই স্বমহিমায় রিয়াল। ছ’ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষ স্থানে তারা। এক ম্যাচ কম খেলে সাত পয়েন্ট নিয়ে ১২ নম্বরে বার্সা।
শনিবার দর্শকশূন্য ক্যাম্প ন্যু-তে মরসুমের প্রথম এল ক্লাসিকোয় পাঁচ মিনিটেই গোল করে রিয়ালকে এগিয়ে দেন ফেদ্রিকো ভালভার্দে। তিন মিনিটের মধ্যেই অবশ্য ১-১ করে দেন আনসু ফাতি। সেই সঙ্গে এল ক্লাসিকোয় সর্বকনিষ্ঠ গোলদাতা হওয়ার নজিরও গড়লেন ১৭ বছর ৩৫৯ দিনের বার্সা তারকা।


