সন্ধান২৪.কম : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি ধান বোঝাই ভটভটি উল্টে ৮জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।
নিহতরা হলেন, শিবগঞ্জ উপজেলার সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের নওসাদ আলীর ছেলে আবুল কাশেম, একই এলাকার ইমান আলীর ছেলে বাবু, তাজাকুল ও তার ছেলে মিঠুন, মো. কাবিলের ছেলে কায়েম, আমানুরের ছেলে শিশু ও রেহেমানের ছেলে আতাউর রহমান।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে উপজেলার সোনা মসজিদ বারিকবাজার সড়কের ভাঙা সাঁকোর কাছে এ দুর্ঘটনা ঘটে। নওগাঁ থেকে শ্রমিকরা ধান কেটে ভটভটিতে করে সোনা মসজিদের বালিয়াদিঘী যাচ্ছিলেন।
শিবগঞ্জ ফায়ার স্টেশনের একজন ফায়ারম্যান জানান, ওই ভটভটিতে জনা পনের লোক ছিল। ধানের বস্তার ওপর বসেছিলেন তারা। “রাস্তার এক পাশে ভাঙা ছিল, সেখানে চাকা পড়লে ভটভটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে যায়। বস্তায় চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।”

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরেন্দ্র অঞ্চল থেকে ধান কেটে ১২ জন কৃষক ভটভটিতে করে ধান নিয়ে বাড়ি ফেরার পথে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের সোনাপুর-বারিকবাজার এলাকার ভাঙ্গাব্রীজে বৃহস্পতিবার ভোর সাড়ে চারটার দিকে ভটভটিটি নিয়ন্ত্রন হারিয়ে পাশের খাড়িতে পড়ে যায় এবং ঘটনাস্থলেই ৮ কৃষক মারা যায়। খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার এবং আহত ৫জনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবগঞ্জ থানার এসআই আজিম জানান, হতাহতরা সবাই সোনা মসজিদের বালিয়াদিঘী গ্রামের ধানকাটা শ্রমিক।
তিনি আরো জানান, খবর পেয়ে প্রথমে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের তালিকা সংগ্রহ করে।


