সন্ধান২৪.কম : ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলায় বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে বেলুন ব্যবসায়ীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১২ জন। শুক্রবার রাত সাড়ে ৯ টায় বড় মানিকা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মদন ফরাজী বাড়ির দরজায় দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বড় মানিকা ৬নং ওয়ার্ডের বাসিন্দা বাসু হাওলাদারের ছেলে মো. হাসনাইন (১৯)। অপরজন মো. নিরব (৩৫)। নিরবের বাড়ি ভোলা সদর উপজেলায় জানা গেলেও বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাটামারা নসুর দোকান মোড় এলাকায় অজ্ঞাতপরিচয় ব্যক্তি গ্যাস দিয়ে বেলুন ফুলিয়ে বাচ্চাদের কাছে বিক্রি করেন। রাত ৯টার দিকে হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। এতে বেলুন বিক্রেতাসহ হাছনাইন ঘটনাস্থলেই মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৯টার দিকে একটি বিকট আওয়াজ হয়। প্রথমত স্থানীয় লোকজন ট্রান্সফর্মার বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করেন। কিন্তু পরবর্তীতে জানা যায়, গ্যাসের সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ট্রান্সফার করার সময় এই বিস্ফোরণ ঘটে। এ সময় ঘটনাস্থলে বড়মানিকা ৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা বাসু হাওলাদারের ছেলে মো. হাসনাইন (১৯) ও বেলুন বিক্রেতা নিরবসহ মোট দুজন নিহত হন।

আহতরা হলেন- বড়মানিকা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে জাহাঙ্গীরের ছেলে শাকিল (২০), মোসলেমের ছেলে মো. ফিরোজ (২২), ইসলাম হাওলাদারের ছেলে ইউসুফ (৪০), ৬নং ওয়ার্ডের মিন্টুর ছেলে রাসেল (৩৫) ও মনির হোসেনের ছেলে বাপ্পি (২০), পক্ষিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নান্নু (২০) ফিরোজের ছেলে সাগর (১৭), আব্দুর রাজ্জাকের ছেলে লিমন (২১)। আরো কয়েকজন প্রাথমিক চিকিৎসা নেয়। আহতদেরকে ভোলা ও বোরহানউদ্দিন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


