সন্ধান২৪.কম ঃ শেখ মুজাহিদুর রহমান চন্দন জর্জিয়া অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৫ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও নির্বাচিত হয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের মূলধারার প্রাইমারী নির্বাচনে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় কমিটির কার্যকরী সদস্য । জর্জিয়ার লিলবার্নের বসবাস করেন ।
আগামী নভেম্বরের চূড়ান্ত নির্বাচনে রিপাবলিকান কোন প্রার্থী না থাকায় তিনিই হবেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত স্টেট সিনেটর। উল্লেখ্য, শেখ রহমান গত ২০১৮ সালেও প্রথম বারের মত একই আসন থেকে নির্বাচিত হয়ে একজন বাংলাদেশি হিসেবে ইতিহাস রচনা করেছেন।
গত নির্বাচনে তিনি ওই আসনে ডেমোক্র্যাটিক পার্টির দীর্ঘ বারো বছর ধরে দায়িত্ব পালনরত স্টেট সিনেটর এ্যাডভোকেট কার্ট থমসনকে প্রাইমারীতে ৬৮ শতাংশ ভোট পেয়ে হারাতে সক্ষম হয়েছিলেন। এবারের মতো সেসময়ও রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন তিনি। দুই বছর মেয়াদী স্টেট সিনেটর পদে চলতি বছরের ৩১ ডিসেম্বর তারিখে মেয়াদ শেষ হলে আগামী বছরের ১ জানুয়ারী থেকে শেখ রহমান দ্বিতীয় বারের মতো একই আসনের সিনেটরের দায়িত্ব পালন করবেন।
এদিকে এবছর শেখ রহমান ছাড়াও আরো পাঁচ বাংলাদেশি ডেমোক্রাটি পার্টির প্রার্থী হয়ে জর্জিয়ার বিভিন্ন এলাকা থেকে প্রাইমারী নির্বাচনে অংশ গ্রহণ করে মূলধারার রাজনীতিতে বাংলাদেশিদের ভাবমূর্তিকে এক ধাপ এগিয়ে নিয়ে যান। তবে তাঁরা কেউই এবার বিজয় ছিনিয়ে আনতে পারেন নি। যেসব বাংলাদেশিরা নির্বাচনে অংশগ্রহণ করেন তাঁরা হলেন, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ডঃ রশিদ মালিক, নাবিলাহ ইসলাম ,জস উদ্দিন ও এমডি নাসের।
শেখ রহমান ১৯৬০ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে শেখ রহমান চন্দন বিবাহিত এবং দুই সন্তানের জনক ।


