সন্ধান২৪.কম : সমঝোতা নিয়ে অনিশ্চয়তার মাঝে সোমবার রাতে ইরানে আবার হামলা চালাল মার্কিন বাহিনী। দক্ষিণ ইরানে হরমুজ় প্রণালী সংলগ্ন এলাকায় হামলা করে আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন বাহিনীর দাবি, আত্মরক্ষার জন্য এই হামলা চালিয়েছে তারা।
দক্ষিণ ইরানের বন্দর আব্বাস শহরে সোমবার রাতে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে মার্কিন বাহিনী জানায়, তারা আত্মরক্ষার জন্য দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে।

আমেরিকা এবং ইরানের মধ্যে বর্তমানে সংঘর্ষবিরতি চলছে। কূটনৈতিক পথে সংঘাতের সমাধানের চেষ্টা চলছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, অন্য কোনও পদক্ষেপ করার আগে কূটনৈতিক ভাবে সমস্যার সমাধান করার সবরকম পথ নেড়েচেড়ে দেখতে চান তিনি। তবে এরই মধ্যে সোমবার রাতে দক্ষিণ ইরানে বন্দর আব্বাস শহরে পর পর বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে মার্কিন বাহিনীর কাছে জানতে চাওয়া হলে তারা জানায়, আত্মরক্ষার উদ্দেশ্যে দক্ষিণ ইরানে হামলা চালিয়েছে তারা।
উল্লেখ্য, দক্ষিণ ইরানে হরমুজ়ের ধারে বন্দর আব্বাস শহরটি তেহরানের কাছে কৌশলগত ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইরানের নৌসেনা এবং বিমান বাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি রয়েছে এই শহরে। হরমুজ় সংলগ্ন এলাকায় বিস্ফোরণ প্রসঙ্গে সিএনএন-কে দেওয়া এক বিবৃতিতে মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স বলেন, “ইরানি বাহিনীর থেকে আমাদের সেনাকে রক্ষা করার জন্য দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে আমেরিকার বাহিনী। আমাদের নিশানা ছিল (ইরানের) ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং (হরমুজ় প্রণালীতে) মাইন পাতার চেষ্টা করা কিছু ইরানি নৌকা।” সেন্ট্রাল কমান্ডের দাবি, বর্তমানে সংঘর্ষবিরতি চলছে এবং সেই মতো ‘সংযম’ বজায় রেখে নিজেদের বাহিনীকে রক্ষা করছে আমেরিকা।


