আইনজীবীদের সংঘর্ষে নারী এমপি হাসপাতালে, ১৯ আইনজীবীর নামে মামলা

নারী এমপি জাকিয়া তাবাসসুম জুই

সন্ধান২৪.কমঃ সমিতির সদস্য ও সংরক্ষিত আসনের নারী এমপি জাকিয়া তাবাসসুম জুই দিনাজপুর জেলা আইনজীবী সমিতির দুই গ্রুপের সংঘর্ষের প্রায় ৩০ ঘণ্টা পর হাসপাতালে ভর্তি হয়েছেন । এদিকে সংঘর্ষের ঘটনায় জেলা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

কমিটির মেয়াদ বৃদ্ধি ও ৬ কোটি টাকার দুর্নীতিসহ ৯টি এজেন্ডা নিয়ে বৃহস্পতিবার সকাল ১১টায় দিনাজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী কমিটির সাধারণ সভা শুরু হয়। এসময় সমিতির সাবেক কমিটির নেতারা সভাস্থলে গিয়ে আপত্তি করেন ও সভা বন্ধ করতে বলেন। এক পর্যায উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। বিকেল ৪টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন জেলা আইনজীবী সমিতির সদস্য ও সংরক্ষিত মহিলা আসনের এমপি জাকিয়া তাবাসসুম জুই।

দিনাজপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ সোহেল রানা জানান, অসুস্থ বোধ করায় ও ব্যথা অনুভব করায় তিনি নিজে এসে ভর্তি হন। 

এদিকে আইনজীবী সমিতির সংঘর্ষের ঘটনায় মামলা করেছেন সংঘর্ষে আহত আইনজীবী সারওয়ার আহমেদ বাবু। শুক্রবার সন্ধ্যায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে সমিতির সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, শামসুর রহমান পারভেজ, হযরত আলী বেলাল, খয়রাত আলী, মাহফুজুর রহমান বিপুল, মাহফুজ আলী, কবির বিন গোলাম চার্লি, অনিমেষ চন্দ্র রায়, সিফাত রহমান লিমন, আলাল, হেলাল ফারুক, শাওন, আকবর, রাজা, নবী, রবিউল ইসলাম রবি, খোকনসহ ১৯ জনকে। কোতোয়ালী থানার ওসি মোজাফফর হোসেন মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

 

Exit mobile version