আফগানিস্তান পরিস্থিতি সম্পর্কে আলোচনা করতে চীন সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক টম ওয়েস্ট। সেখানে তিনি চীন, রাশিয়া ও পাকিস্তানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর মঙ্গলবার এ খবর জানিয়েছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হয়েছে, তুনশিতে যে আলোচনা অনুষ্ঠিত হবে তাতে তালেবানের প্রতিনিধিরা থাকবে। চীন জানিয়েছে, ওই আলোচনাটি পরিচালনা করবেন আফগানিস্তানে চীনের বিশেষ দূত ইউ শিয়ায়োং।
নিক্কেই এশিয়ার খবরে জানানো হয়েছে, রাশিরার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ এরইমধ্যে তুনশিতে পৌঁছেছেন আলোচনার জন্য। গত মাসে রাশিয়া ইউক্রেনে অভিযান শুরু করার পর থেকে বেশিরভাগ সময়ই রাশিয়ায় অবস্থান করেছেন ল্যাভরভ। যদিও শান্তি আলোচনার জন্য একবার তুরস্ক সফর করেছিলেন তিনি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, আফগানিস্তান ইস্যুতে যে আলোচনা বসতে যাচ্ছে তাতে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি হিসেবে যোগ দেবেন টম ওয়েস্ট।
গত আগস্ট মাসে তালেবানরা আফগানিস্তানের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
এরপর থেকে দেশটি একরকম বিচ্ছিন্ন হয়ে আছে বিশ্ব থেকে। সেখানে দেখা দিয়েছে ভয়াবহ অর্থনৈতিক সংকট। এমন প্রেক্ষাপটেই চীনে এই আলোচনা বসছে। পাশাপাশি চীনের পূর্বাঞ্চলীয় প্রদেশ আনহুইতে আফগানিস্তানের প্রতিবেশি দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আরেকটি সম্মেলনে বসছেন। এটি বুধবার ও বৃহস্পতিবার দুই দিন ধরে চলবে। ওই সম্মেলনটিতে যোগ দেবেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। এছাড়া তাতে উপস্থিত থাকবেন আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। পাকিস্তান, ইরান, রাশিয়া, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাতারের প্রতিনিধিরাও তাতে যোগ দেবেন।


