ইসরায়েল-ফিলিস্তিন যুদ্ধ ! রাতভর রকেট হামলা, ইসরায়েলের শহরে জরুরি অবস্থা জারি

সন্ধান২৪.কমঃ পশ্চিমতীরে ইসরায়েল অধ্যুষিত লড শহরে জরুরি অবস্থা জারি করেছে সেখানকার সরকার। এর আগে সোমবার তেল আবিবের দক্ষিণের ওই শহরে এক ইসরায়েলি ইহুদি, মুসা হাসুনা নামে এক ফিলিস্তিনি নাগরিককে গুলি করে হত্যার পর থেকে সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে। 

ইসরায়েল ও ফিলিস্তিন পুরোপুরি যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বলে সতর্ক করেছেন মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত টর ভেনেসল্যান্ড। মঙ্গলবার (১১ মে) এক টুইট বার্তায় তিনি এ সতর্কবার্তা দেন। 

ইসরায়েলের রকেট হামলায় গাজায় হামাসের একটি টাওয়ার ভেঙে পরে। এরপরই পাল্টা আক্রমণ চালায় ফিলিস্তিনি গ্রুপটি। তারা ইসরায়েলের রাজধানী তেল আবিব লক্ষ্য করে অন্তত ১৩০টি মিসাইল হামলা চালিয়েছে। মঙ্গলবার (১১ মে) গভীর রাত থেকে শুরু করে আজ বুধবার (১২ মে) সকাল পর্যন্ত এসব হামলা চালানো হয়। এ খবর প্রকাশ করেছে বিবিসি ও জেরুজালেম পোস্ট।

উভয় পক্ষের প্রতি আহ্বান জানিয়ে জাতিসংঘের বিশেষ দূত বলেন, অবিলম্বে আগুন খেলা বন্ধ করুন। আমরা একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি। দুই পক্ষের নেতাদের ডি-এ্যাসকেলেশনের দায়িত্ব নিতে হবে।

ইসরায়েল সরকারের এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু প্রতিরক্ষা ও জননিরপত্তামন্ত্রীসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে সেখানকার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে তা মোকাবিলা করার নির্দেশনাও দিয়েছেন।

দক্ষিণ ইসরায়েলে গত কয়েক ঘণ্টা ধরে শহরে সহিংসতার বিষয়গুলো স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে জানিয়েছে আল-জাজিরা।

 

Exit mobile version