এ বছর পুলিৎজারে বিশেষ বিভাগে পুরস্কার পেয়েছেন ইউক্রেনের সাংবাদিকরা। ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আগ্রাসনের খবর পরিবেশনের জন্য তাদের বিশেষ বিভাগে পুরস্কার দেওয়া হয়। এছাড়া পুলিৎজার বোর্ড ইউক্রেন যুদ্ধের খবর সংগ্রহ করতে গিয়ে নিহত ১২ সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়।
এবার পুলিৎজার পুরস্কার পেয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ ছাড়া ভারতে করোনা মহামারির চিত্র তুলে ধরে ফিচার ফটোগ্রাফি বিভাগে পুরস্কৃত হয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের হামলার ঘটনার সংবাদ পরিবেশন করায় ওয়াশিংটন পোস্ট যুক্তরাষ্ট্রের জাতীয় পর্যায়ে অন্যতম গুরুত্বপূর্ণ সাংবাদিকতার ‘নোবেল’ হিসেবে খ্যাত এ পুরস্কার পায়।
স্থানীয় সময় সোমবার পুলিৎজার পুরস্কার পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ঘোষণা করা হয় বলে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে।
পুলিৎজারে জাতীয় বিষয়ে প্রতিবেদন, আন্তর্জাতিক প্রতিবেদন ও সমালোচনা বিভাগে তিনটি পুরস্কার পেয়েছে নিউইয়র্ক টাইমস। সংবাদমাধ্যমটির প্রতিবেদক আন্দ্রেয়া এলিয়ট তার ‘ইনভিসিবল চাইল্ড: পোভার্টি, সারভাইভাল অ্যান্ড হোপ ইন অ্যান আমেরিকান সিটি’ বইয়ের জন্য পৃথক একটি পুরস্কার পেয়েছেন। ব্রেকিং নিউজ বিভাগে পুরস্কার পেয়েছেন মিয়ামি হেরাল্ড।
পুলিৎজার পুরস্কার ১৯১৭ সাল থেকে দেওয়া হচ্ছে। সাংবাদিকতা ছাড়াও সাহিত্য, সংগীত, নাটকে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার ঘোষণা করা হয়। কলাম্বিয়া ইউনিভার্সিটির একটি বোর্ড প্রতিবছর পুরস্কার ঘোষণা করে।


