সন্ধান২৪.কম : বহুল আলোচিত বরগুনার রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। এই মুহূর্তে বরগুনা জেলা কারাগারের কনডেম সেলে এই ছয় বন্দি ব্যতীত অন্য কোনো ফাঁসির দণ্ডপ্রাপ্ত কারাবন্দি নেই । ফাঁসির দণ্ডপ্রাপ্ত নারী বন্দিদের মধ্যে একমাত্র মিন্নিই কনডেম সেলে আছেন।
এছাড়াও রিফাত হত্যা মামলার অপর পাঁচজন পুরুষ আসামিকেও কনডেম সেলে রাখা হয়েছে। এই পাঁচ পুরুষ বন্দি ব্যতীত বরগুনার কারাগারের কনডেম সেলে আর ফাঁসির দণ্ডপ্রাপ্ত অন্য কোনো পুরুষ বন্দিও নেই বলে উল্লেখ করেন জেল সুপার।
এদিকে বরগুনা কারাগারের কনডেম সেল থেকে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি আয়শা সিদ্দিকা মিন্নি তার বাবার সাথে বৃহস্পতিবার সকাল ৯টায় মোবাইল ফেনে কথা বলেছেন। তার মোজাম্মেল হোসেন কিশোর বলেন, রায়ের সাত দিনের মধ্যে উচ্চাদালতে আপিল করতে হবে এ বিষয় নিয়েই মিন্নির সাথে কথা হয়েছে।
জেলের সুপার বলেন, মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের কারাগারের যে বিশেষ কক্ষে রাখা হয় সেটাকে কনডেম সেল বলা হয়। কনডেম সেলের বন্দিরা কখনো সেল থেকে বাইরে বের হতে পারেন না। এসব বন্দিরা মাসে একবার তার স্বজনদের সঙ্গে দেখা করতে পারেন। এছাড়াও সপ্তাহে একবার তারা ফোনে তাদের স্বজনদের সঙ্গে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত কথা বলতে পারেন।
রিফাত হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত ছয় আসামিই কনডেম সেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন জানিয়ে তিনি বলেন, কারাবিধি অনুযায়ী ছয় বন্দিকেই কনডেম সেলে থালা, বাটি ও কম্বল দেয়া হয়েছে। এছাড়াও প্রতি আসামিকে কারাগারের পক্ষ থেকে দুই সেট পোশাক দেয়া হয়েছে। এ পোশাক তারা পরিধান করবেন।
