সন্ধান২৪.কমঃ শুক্রবার জার্মানিতে এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে কমপক্ষে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। পুলিশ বলেছে, দেশটির বাভারিয়া অঞ্চলের উজবুর্গ শহরে এই হামলার ঘটনা ঘটে।
পুলিশ এই ঘটনায় সোমালিয়ার ২৪ বছর বয়সের এক নাগরিককে আটক করেছে । পুলিশ বলেছে, সেখানে আর কোনো হামলার আশঙ্কা নেই।

এদিকে এক খবরে বলা হয়েছে, হামলার পর বাভারিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইওয়াকিম হারমান বলেন, হামলায় পাঁচজন আহত হয়েছেন। তাদের অবস্থা গুরুতর ও বেঁচে থাকার সম্ভাবনা কম। এ ছাড়া হামলায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।
এক টুইট বার্তায় পুলিশ লিখেছে, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। এই হামলায় আর কেউ জরিত নন বলে ধারনা করা হচ্ছে। আর কোনো হামলার আশঙ্কা নেই।
পুলিশ বলেছে, সোমালিয়ার ওই ব্যক্তি ২০১৫ সাল থেকে ওই উজবুর্গ শহরে বসবাস করেন। তিনি মানসিক রোগের চিকিৎসা নিচ্ছিলেন।
জার্মানির সময় বিকেল ৫টার দিকে পুলিশ ওই ঘটনা সম্পর্কে জানতে পারে। সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করতে পুলিশ প্রথমে গুলি চালায়। তবে পুলিশ বলেছে, ওই ব্যক্তির মারা যাওয়ার কোনো আশঙ্কা নেই। এই হামলার কারণ এখনো জানা যায়নি।