সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে আফগান তালেবান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে। তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাত্কারে সমর্থনের কথা জানান।

ভোটের প্রচারণা যখন তুঙ্গে তখন অপ্রত্যাশিত ভাবে এই সমর্থন পেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের প্রচারণা বিভাগ তা প্রত্যাখ্যান করেছে।
জাবিনুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আমরা আশা করি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেন। সিবিএস নিউজকে আরেক তালেবান নেতা জানিয়েছেন, ট্রাম্প করোনায় আক্রান্ত জেনে আমরা উদ্বিগ্ন বোধ করছিলাম। কিন্তু এখন তো তিনি ভালো আছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনি প্রচারণা বিভাগের মুখপাত্র জানিয়েছেন, তারা এই সমর্থন প্রত্যাখ্যান করছেন।
তিনি বলেন, তালেবানের জেনে রাখা উচিত, ট্রাম্প সবসময়ই যে কোনোভাবে আমেরিকার স্বার্থ রক্ষা করবেন। ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছিলেন, বড়দিনের আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি সরিয়ে নেওয়া হবে। তারপরই এই ঘোষণা দিল তালেবান। দোহায় এখন আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা চলছে। কিন্তু দুই পক্ষ নিজেদের অবস্থান থেকে একচুল সরে না আসায় আলোচনায় অগ্রগতি দেখা যাচ্ছে না।