সন্ধান২৪.কমঃ রাজধানী ঢাকার মোহাম্মদপুরে এক তরুণীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। মদপান করিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগে ওই তরুণীর বন্ধুসহ তিনজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।
এ ঘটনায় ওই তরুণীর বাবা বাদি হয়ে মোহাম্মদপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। রবিবার রাত ৯টার দিকে মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার ওই তরুণী ও তার ছেলে বন্ধু মোহাম্মদপুরের একটি রেস্তোরাঁয় গিয়ে মদপান করেন। ওই তরুণী অসুস্থ হয়ে পড়লে তাকে নিয়ে তার ছেলে বন্ধু মোহাম্মদপুরের একটি বাসায় চলে যান। সেখানে ওই তরুণীকে ধর্ষণ করেন তার ছেলে বন্ধু। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার বন্ধু এবং ওই বাসার মালিক ওই তরুণীকে একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তরুণীর মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, ওই তরুণীর বাবা খবর পেয়ে চট্টগ্রাম থেকে ঢাকা আসেন। তরুণীর মৃত্যুর আগে তিনি বাদি হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। আমরা ওই তরুণীর ছেলে বন্ধুসহ তিনজন আটক করেছি। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এর আগে, গত ৭ জানুয়ারি রাজধানীর কলাবাগানে একই ধরনের একটি ঘটনায় আনুশকা নূর আমিন নামের মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থীর মৃত্যু হয়। জানা যায়, ওইদিন আনুশকা তার বন্ধুর বাসায় গিয়েছিলো। সেখানেই তাকে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ। ওই ঘটনায় কলাবাগান থানায় আনুশকার বাবার দায়ের করা মামলায় আসামি ইফতেখার ফারদিন দিহানকে গ্রেফতার করে পুলিশ। পরবর্তীতে আদালতে দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারেক্তিমুলক জবানবন্দিও দেয় আসামি দিহান। বর্তমানে দিহান কারাগারে রয়েছে।
