দেশের উন্নয়নে কাজ করতে হবে: বৃহত্তর সিলেট গণদাবি পরিষদে মোমেন

বৃহত্তর সিলেট তথা দেশের উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে, তবেই সিলেটসহ দেশের উন্নয়ন করা সম্ভব হবে। বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ যুক্তরাষ্ট্রের এর নবনির্বাচিত কার্যকরী পরিষদ ২০২৩-২৫ এর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

গত রবিবার জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত আলোচনা সভায় সিলেট গণদাবি পরিষদের সদস্যরা প্রবাসীদের বিভিন্ন বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সাথে এই মতবিনিময় করেন।
মঞ্চে আসন গ্রহণ করেন নবনির্বাচিত সভাপতি মাসুদুল হক ছানু, বিশেষ অতিথি গণদাবী পরিষদের সাবেক সভাপতি মাহবুবর রহমান চৌধুরী, সাবেক সভাপতি আব্দুর রহিম বাদশা, প্রধান নির্বাচন কমিশনার শেখ আতিকুল ইসলাম ও নির্বাচন কমিশনার নুরে আলম গেদু, জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি বদরুল হোসেন খান,বাংলাদেশ সোসাইটির সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ সোসাইটির সাবেক সহসভাপতি আতাউর রহমান সেলিম, জাকির হোসেন চৌধুরী অসীম,আব্দুল হাসিব মামুন,মিসবা আহমেদ প্রমূখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের বিদায়ী সভাপতি আজিমুর রহমান বোরহান।


পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন শেখ সাইফুল আলম সিদ্দিকী। মরহুম আব্দুর রউফ খান মিন্টু,সাবেক সভাপতি আব্দুস শহীদ দুদু ও বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি কামাল আহমেদসহ সকলের জন্য দোয়া করা হয়।
সিলেটের উন্নয়ন কর্মকান্ডের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা সিলেট ৬ লেনের কাজ ঢাকার অংশে ইতোমধ্যে শুরু হয়েছে। কিন্তু জমি অধিগ্রহণ শেষ না হওয়ায় সিলেট-হবিগঞ্জ অংশে এখনো কাজ শুরু করা যায় নাই। সিলেট-তামাবিল ৪ লেন সড়কের কাজ শুরু হয়েছে। সিলেটের কুমারগাও-বাধাঘাট বাইপাসের কাজও শুরু হয়েছে। সিলেটে নদীর তীর দখলমুক্ত করে ওয়াকওয়ে করা হচ্ছে। সিলেটে গ্রামেগঞ্জে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণের কাজ দ্রæত এগিয়ে চলছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী।
ভবিষ্যতে সিলেটকে মেডিক্যাল হাব হিসেবে গড়ে তোলা হবে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগে সিলেট ওসমানী মেডিক্যালে মাত্র ৩টি আইসিইউ ছিল, এখন ৩০টি হয়েছে। এ হাসপাতালে আগে ৫০০ বেড ছিল, এখন ৯০০তে উন্নীত হয়েছে। এছাড়া ওসমানী হাসপাতালে ১৮ তলা নতুন ভবন তৈরি করা হচ্ছে যেখানে হার্ট, কিডনি ও ক্যান্সারের বিশেষায়িত চিকিৎসা সেবা দেয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী সিলেটে শিক্ষার হার বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে বলেন, সারাদেশের মধ্যে সিলেটের শিক্ষার হার সর্বনিম্ন। এ জন্য সিলেটে শিশু মৃত্যুর হার ও মাতৃমৃত্যুর হার অনেক বেশি।
প্রবাসীদের এনআইডি এবং পাসপোর্ট যথাসময়ে না পাওয়ার অভিযোগ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসীরা পাসপোর্ট এবং এনআইডি যথাসময়ে না পেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিরুদ্ধে অভিযোগ করেন। কিন্তু পাসপোর্ট বা এনআইডি পররাষ্ট্র মন্ত্রণালয় দেয় না, বরং স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিয়ে থাকে।


সরকার প্রবাসীদের জন্য বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করেছে জানিয়ে ড. মোমেন বলেন, সিলেটে ইকোনমিক জোন করা হয়েছে, যেখানে ৪৫০টি প্লট আছে। কিন্তু এই ইকনমিক জোনে সিলেটের ব্যবসায়ীদের অংশগ্রহণ তেমন আশাব্যঞ্জক নয় বলে জানান তিনি।
২য় পর্বে নব নির্বাচিত কার্যকরী পরিষদকে শপথ গ্রহন করান শেখ আতিকুল ইসলাম। এর পর নব নির্বাচিত কমিটির সভাপতি মাসুদুল হক ছানুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম আহমেদ ফয়ছলের পরিচালনায় অনুষ্ঠান শুরু হয়। এ সময় নতুন কমিটির সবাইকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
অনুষ্ঠানে ‘বৃহত্তর সিলেট গণদাবি পরিষদ যুক্তরাষ্ট্র, ইনক’ এর নেতৃবৃন্দ এবং নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Exit mobile version