সন্ধান২৪.কমঃ মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ৯টার ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজ পাড়ার একটি বাসা থেকে গলায় ফাঁস লাগানো অবস্থায় অন্তর চৌধুরী নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের প্রেমিকা জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।

অন্তর চৌধুরী শহরের কাউতলী এলাকার কামাল চৌধুরীর ছেলে। পুলিশ ও নিহতের প্রেমিকা জানান, গত তিন মাস আগে কলেজপাড়া জিলানী চৌধুরীর মালিকানাধীন ভবনের নিচতলায় একটি ফ্ল্যাট ভাড়া নেন জেসমিন আক্তার। সেখানে তার প্রেমিক অন্তর চৌধুরী নিয়মিত আসা যাওয়া করতেন। প্রেমিক জেসমিনকে বিয়ে না করলেও গত দুই মাস ধরে ওই বাড়িতে একসঙ্গে বাস করতেন তারা। জেসমিনের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জে। তিনি ব্রাহ্মণবাড়িয়া কলেজ পাড়ার বিভিন্ন বাসাবাড়িতে কাজ করেন। গত এক বছর আগে তার পূর্বের স্বামীর সঙ্গে ডিভোর্স হয়। এর পর থেকে অন্তর চৌধুরীর সঙ্গে তিনি ঘর বাঁধার স্বপ্ন দেখেন।
জেসমিন আরও জানান, সম্প্রতি অন্তর চৌধুরী বন্ধুদের সঙ্গে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা করে। তবে চাহিদা অনুযায়ী টাকা যোগাড় করতে না পেয়ে ক্ষোভে নিজের শরীরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হাতের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত করেন। এ সময় প্রেমিকা জেসমিন তাকে ধার করে টাকা দেওয়ার আশ্বাস দেন। এ অবস্থায় জেসমিন মঙ্গলবার রাত ৯টার দিকে হোটেল থেকে খাবার নিয়ে বাসায় এসে দেখেন অন্তর চৌধুরী গলায় উড়না পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে এলাকার কয়েকজন যুবকের সহযোগীতায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।