সন্ধান২৪.কমঃ রবিবার বেলা সোয়া ১১টার দিকে ভোলার তজুমদ্দিনের চাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে নেমে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন একজন।
জানা গেছে, সেন্টারিংয়ের খুঁটি খুলতে সকালে কয়েকজন শ্রমিক নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে নামেন। কিছুক্ষণ পর একে একে তারা অচেতন হয়ে পড়েন। পরে ভেতর থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। এখনও একজন নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব কুমার জানান, গ্যাসের কারণে তাদের মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
তজুমদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সেপটিক ট্যাংক থেকে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
