সন্ধান২৪.কমঃসংবাদ : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে সাব্বির হোসেন (১৪) নামে এক মাদরাসা ছাত্রের মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন শিক্ষককে রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার (১৫ মার্চ) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেনের আদালত একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। পাশাপাশি কবর থেকে সাব্বিরের মরদেহ তুলে ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। আদালত পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার তিন শিক্ষক হলেণ: শওকত হোসেন সুমন (২৬), জোবায়ের আহম্মেদ (২৬) ও আব্দুল আজিজ (৪২)। নিহত সাব্বির (১৪) রূপগঞ্জ উপজেরার শান্তিনগর এলাকার জামাল হোসেনের ছেলে। সে সিদ্ধিরগঞ্জের রওজাতুল উলুম মাদরাসার হেফজ বিভাগের ছাত্র।
পরিবারের বরাতে সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহীন জানান, আবাসিক মাদরাসায় থেকে পড়ালেখা করতো নিহত সাব্বির হোসেন। ১০ মার্চ বেলা ১১টার দিকে মাদরাসার এক শিক্ষক তার পরিবারকে জানায়, সাব্বির মাদরাসার ছাদে উঠার সিঁড়ির গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছে। পরে স্বজনরা মরদেহ নিয়ে রূপগঞ্জে নিজ এলাকায় দাফন করে। দাফনের আগে গোসলের সময় নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন দেখতে পায় স্বজনরা। পরে শুক্রবার অজ্ঞাত আসামি করে সাব্বিরের বাবা একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তিন শিক্ষকসহ ৭ জনকে গ্রেফতার করা হয়।