সন্ধান২৪.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রে পড়াশোনার সময়কালে ভিসার শর্ত না মানলে বাংলাদেশী শিক্ষার্থীদের শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার যোগ্যতাও হারানোর ঝুঁকি রয়েছে ।
আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী হিসেবে বৈধ অবস্থান বজায় রাখার বিষয়েও সতর্ক থাকতে বলা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, কোনো শিক্ষার্থী পড়াশোনা ছেড়ে দিলে, নিয়মিত ক্লাসে অনুপস্থিত থাকলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানকে না জানিয়ে নিজের অধ্যয়ন কার্যক্রম থেকে সরে গেলে তার শিক্ষার্থী ভিসা বাতিল হতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও সমস্যা হতে পারে। তাই সম্ভাব্য জটিলতা এড়াতে শিক্ষার্থীদের সব সময় ভিসার শর্ত মেনে চলার পরামর্শ দিয়েছে দূতাবাস।
ভিসার শর্ত লঙ্ঘনের কারণে শুধু বর্তমান ভিসাই ঝুঁকিতে পড়বে না। ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণ বা পড়াশোনার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রেও জটিলতা তৈরি হতে পারে বলে দূতাবাসের বার্তায় জানানো হয়েছে।
