যুক্তরাষ্ট্রের ‘শাহ ফাউন্ডেশন’ গাইবান্ধায় ১শ’ অনাথ শিশুদের দিল শীত পোশাক

সন্ধান২৪.কম: গাইবান্ধায় অনাথ শিশুদের শীতের হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছেন ‘শাহ ফাউন্ডেশন’ নামে যুক্তরাষ্ট্র  নিউইর্য়ের একটি স্বেচ্ছাসেবী সংগঠন ।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) দুপুরে  বাংলাদেশ মহিলা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সহযোগীতায় এই শিশুদের দেওয়া হয় শীত পোশাক। সরকারি শিশু পরিবার (বালিকা) চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে জেলা সমাজসেবা অফিসার এমদাদুল হক প্রামাণিক শিশুদের হাতে এসব শীত পোশাক তুলে দেন।

এসময় পরিবেশ আন্দোলন জেলা শাখার আহবায়ক, ক্রীড়া সংগঠক, রাজনীতিক  ওয়াজিউর রহমান র‌্যাফেল, স্বেচ্ছাসেবী সংস্থা অবলম্বনের নির্বাহী প্রধান প্রবীর চক্রবর্তী, মহিলা পরিষদের সাবেক সভাপতি ও সাবেক পৌর  কমিশনার আমাতুর নূর ছড়া, নবনির্বাচিত পৌর কাউন্সিলর ও মহিলা পরিষদের জেলা সভাপতি মাহাফুজা খানম মিতা, মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সম্পাদক, সাংবাদিক রিকতু প্রসাদ প্রমুখ উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য করেন । তারা তাদের বক্তব্যে বলেন, প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব  অসহায় মানুষের পাশে দাঁড়ানো । দরিদ্র অসহায় মানুষেরা দেশ ও সমাজের অংশ। তাই  সমাজের বিত্তশালীসহ সকলের উচিত গরিব সুবিধা বঞ্চিত মানুষের পাশে  দাড়াঁনো। ‘শাহ ফাউন্ডেশন’ এই অনাথ শিশুদের  শীত বস্ত্র বিতরণের মাধ্যমে সেই  নৈতিক দায়িত্ব পালন করে মানবিকতার কাজ করেছে । বক্তরা এ ধরণের মহৎ কাজে এগিয়ে আসার জন্য ‘শাহ ফাউন্ডেশন’কে ধন্যবাদ জানান।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন, ‘শাহ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা শাহ জে. চৌধুরী  । তিনি অনাথ শিশুদের আদর ও ভালবাসা জানান এবং সব সময় তাদের পাশে থাকার কথা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ১শ’ জন অনাথ মেয়ে শিশুকে শীত পোশাক হিসেবে সোয়েটার উপহার দেয়া হয়। এই শীতেই শাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে পর্যায়ক্রমে প্রতিবন্ধী, আদিবাসী ও দলিত শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হবে।

 

Exit mobile version