সন্ধান২৪.কম : লিবিয়ার উপকূলে অভিবাসী বহনকারী নৌকা ডুবির মর্মান্তিক ঘটনায় বাংলাদেশিসহ ২২ জনকে উদ্ধার করা হলেও ১৬ জন এখনও নিখোঁজ রয়েছেন। ভূমধ্যসাগরে বৃহস্পতিবার রাতে ওই নৌকাডুবির ঘটনা ঘটে।
আইওএম জানিয়েছে, নিখোঁজ ব্যক্তিরা কে কোন দেশের নাগরিক, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে উদ্ধার হওয়া অভিবাসীরা মিশর, বাংলাদেশ, সিরিয়া, সোমালিয়া এবং ঘানার নাগরিক৷ তিনজনের মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা৷ এদের মধ্যে সিরিয়ার একজন পুরুষ ও একজন নারী রয়েছেন৷
লিবিয়ার কোস্ট গার্ড তাদের সদস্যদের উদ্ধার কাজের নির্দেশ দিয়েছে বলে জানিয়েছে৷ এই ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা তাদের৷ বার্তা সংস্থা এপিকে বাহিনীর কমোডোর মাসুদ আব্দাল সামাদ বলেন, এই পথটি দিয়ে অসংখ্য নৌকা যাচ্ছে৷ তবে শরতে সমুদ্র পাড়ি দেয়া বিপদজনক৷ বাতাসের কারণে যেকোন সময়ে নৌকাডুবি ও প্রাণহানির আশঙ্কা থাকে৷
এদিকে শুক্রবারের নৌকা ডুবির র্ঘটনায় উদ্ধারকৃতদের ত্রিপলি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে৷ সেখানে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন আইওএম এর মুখপাত্র সাফা মিসাহলি৷ বর্তমানে তারা ত্রিপলি ভিত্তিক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে স্লিটেন বন্দিশিবিরে রয়েছেন৷
