দীর্ঘদিন ধরেই ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলের ইস্পাত কারখানার ভেতরে থাকা ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করছিলো রুশ বাহিনী। অবশেষে তারা আত্মসমর্পণ করেছে। এর মাধ্যমে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বন্দরনগরীতে ইউক্রেনীয় প্রতিরোধ যোদ্ধাদের শেষ প্রধান ঘাঁটি দখলে নেয় রুশ সেনারা।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, আড়াই শতাধিক ইউক্রেনীয় সেনার আত্মসমর্পণের পর রাশিয়া নিয়ন্ত্রিত ভূখণ্ডে নেওয়া হয়েছে। এতে করে তাদের ভাগ্য এখন অনিশ্চিত হয়ে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সোমবার গভীর রাতে রাশিয়ার সামরিক বাহিনীর সাঁজোয়া যানের পাহারায় বেশ কিছু বাস আজভস্টাল ইস্পাত কারখানা ছেড়ে যায়। এর মধ্যে পাঁচটি বাস রুশ-নিয়ন্ত্রিত শহর নভোজভস্কে পৌঁছেছে। মস্কোর দাবি করছে, সেখানে আহত যোদ্ধাদের চিকিৎসা করা হবে।
এছাড়া, আজভস্টাল কারখানা থেকে ইউক্রেনীয় যোদ্ধাদের বহনকারী সাতটি বাস ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চলের দোনেতস্কের কাছে রাশিয়া নিয়ন্ত্রিত ওলেনিভকা শহরে একটি কারাগারে পৌঁছেছে। রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে এই তথ্য জানানো হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, আত্মসর্পণের পর এখন এসব ইউক্রেনীয় সেনাদের কী হবে তা এখনও স্পষ্ট নয়। রুশ প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিন বলছে, বন্দীদের সঙ্গে আন্তর্জাতিক মান অনুযায়ী আচরণ করা হবে বলে ব্যক্তিগতভাবে নিশ্চয়তা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এছাড়া ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন, রাশিয়ান বন্দীদের সঙ্গে আত্মসমর্পণ করা ইউক্রেনীয় যোদ্ধাদের বিনিময় করা যেতে পারে।
রাশিয়া টুডে জানিয়েছে, সোমবার ইউক্রেনের ২৬৪ জন সেনা আত্মসমর্পণ করেছে যাদের মধ্যে ৫৩ জন সেনা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছে। আত্মসমর্পণ করা সেনাদেরকে রাশিয়া নিয়ন্ত্রিত দোনেতস্ক প্রজাতন্ত্রে নেওয়া হয়েছে।


