সন্ধান২৪.কম : প্রবাসী বাঙালীদের দীর্ঘ দিনের স্বপ্ন পুরণ হতে চলেছে । বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চালু হচ্ছে সরাসরি বিমান চলাচল। এ লক্ষ্যে গতকাল সচিবালয়ে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে বাংলাদেশের পক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক ও যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার স্বাক্ষর করেন।
বিমান সূত্র জানায়, ২০১৩ সালে দুই দেশের মধ্যে অনুস্বাক্ষরিত চুক্তির আলোকে গতকাল আনুষ্ঠানিকভাবে এই বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হয়। মুক্ত আকাশ নীতির ভিত্তিতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী উভয় দেশ যেকোন সংখ্যক বিমান সংস্থাকে তাদের মনোনীত বিমান সংস্থা হিসাবে দুই দেশের মধ্যে ফ্লাইট পরিচালনার জন্য মনোনীত করতে পারবে। প্রত্যেক দেশের মনোনীত বিমান সংস্থা দুই দেশের মধ্যে আকাশের তৃতীয় ও চতুর্থ মুক্ত অধিকারে যেকোন এয়ারক্রাফট দ্বারা যেকোন সংখ্যক যাত্রী বিমান ও কার্গো বিমান পরিচালনা করতে পারবে।
এ বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী সাংবাদিকদের বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি দুই দেশের বিমান যোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, স্বাক্ষরিত বিমান চলাচল চুক্তি দুই দেশের বন্ধুত্বকে আরো সামনে এগিয়ে নিয়ে যাবে। সরাসরি বিমান যোগাযোগ চালু হলে তা দুই দেশের জনগণের সঙ্গে জনগণের সম্পর্ককে নতুন মাত্রা প্রদান করবে। এই চুক্তি ব্যবসা-বাণিজ্যসহ পর্যটনে ইতিবাচক ভূমিকা রাখবে।


