সন্ধান২৪.কমঃ ১১ এপ্রিল রোববার আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের নতুন নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। গুলশান টেরেস মিলনায়তনে বিদায়ী কমিটির সভাপতি দর্পণ কবীর ও সাধারন সম্পাদক শাহাব উদ্দিন সাগর নব-নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ ও সাধারণ সম্পাদক মঞ্জুরুল হকের হাতে ফুলের তোড়া তুলে দেয়ার মধ্য দিয়ে তাদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হয়।
এ সময় তাদের সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন প্রথম আলোর উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, প্রেসক্লাবের নতুন কমিটির কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার ও সদস্য তোফাজ্জল লিটন।
অনুষ্ঠানে প্রেসক্লাবের সদ্য প্রয়াত সদস্য আব্দুল হাই স্বপনের স্মরণে প্রাণের ঝুকি নিয়ে কোভিড রোগীদের সেবা দেয়ায় প্রেসক্লাবের দুই সদস্য সীমা সুষ্মিতা ও মশিউর রহমানকে কোভিড হিরো পুরস্কারে ভূষিত করা হয়।
আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রথম আলোর উত্তর আমেরিকার আবাসিক সম্পাদক ইব্রাহিম চৌধুরী, আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের বিদায়ী সভাপতি দর্পণ কবীর, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, নতুন কমিটির সভাপতি মোহাম্মদ সাঈদ, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক,,প্রথম আলোর সাংবাদিক রহমান মাহবুব, শাহ গ্রুপের ফাউন্ডার শাহ জে চৌধুরী, প্রথম আলোর সাংবাদিক রওশন হক, রোকেয়া দীপা প্রমুখ।
