সন্ধান ডেস্ক: কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, এবার দ্বিতীয় ভ্যাকসিনও আসতে চলেছে। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। ‘Sputnik V’-র পরে বুধবার রাশিয়া ছাড়পত্র দিল ‘এপিভ্যাককরোনা’ ভ্যাকসিনকেও (COVID Vaccine)। গত আগস্ট মাসেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছিলেন সেকথা। এদিন পুতিন ঘোষণা করেন, ‘‘আমি একটা দারুণ খবর দিচ্ছি। নভোসিবিরস্কের ভেক্টর সেন্টার আবিষ্কার করেছে দ্বিতীয় করোনা ভ্যাকসিন। এর নাম এপিভ্যাককরোনা।’’বিশ্বে প্রথম করোনা ভ্যাকসিন নিয়ে এসেছিল রাশিয়া ।
সাইবেরিয়ায় তৈরি হওয়া এই ভ্যাকসিন গত সেপ্টেম্বরেই প্রাথমিক ভাবে হিউম্যান ট্রায়াল বা মানব শরীরে প্রয়োগের ধাপ পার করেছে। সেই ট্রায়ালের ফল তারা শিগগিরি প্রকাশ করবে। সেই সঙ্গে শুরু হবে তৃতীয় পর্যায়ের ট্রায়ালও। পুতিন জানাচ্ছেন, ‘‘প্রথম ও দ্বিতীয় ভ্যাকসিনের উৎপাদন আমাদের বাড়াতে হবে। এই ব্যাপারে অন্য সঙ্গী দেশের সঙ্গে সহযোগিতা আমরা চালিয়ে যাব। বিদেশেও আমাদের ভ্যাকসিনের পৌঁছে দেব।’’
এদিক পুতিন আরও জানিয়েছেন, অদূর ভবিষ্যতে করোনার তৃতীয় ভ্যাকসিনটিও আনতে চলেছেন তাঁরা। এই ভ্যাকসিনটি নিয়ে কাজ করছে চুমাকভ সেন্টার। কিছুদিনের মধ্যে সেটিও নথিভুক্ত করা হবে।
রাশিয়ার উপ প্রধানমন্ত্রী তাতায়ানা গোলিকাভা দাবি করেছেন ‘এপিভ্যাককরোনা’-র কোনও পার্শ্বপ্রতিক্রিয়া নেই। ক্লিনিক্যাল ট্রায়ালের সময় এটি ৪০ হাজার স্বেচ্ছাসেবকের উপরে প্রয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন। সেই সঙ্গে ষাটোর্ধ্ব ১৫০ জনের উপরেও এটি প্রয়োগ করা হবে বলে তিনি জানিয়েছেন। অদূর ভবিষ্যতে এই ভ্যাকসিনের ৬০ হাজার ডোজ উৎপন্ন করা হবে প্রাথমিক ভাবে।


