সন্ধান২৪.কম: গত ১৪ নভেম্বর রোববার কুইন্স বুলেভার্ডে বাইক লেন কাজের সমাপ্তি উপলক্ষে এক বিজয় রাইডের আয়োজন করে ট্রান্সপোর্টেশন অলটারনেটিভস।

কুইন্স বরো হলে এসে এই বাইক রাইড শেষ হয়। সেখানে ভাষণ দেন অনুষ্ঠানের মূল আয়োজক লিজি রহমান,স্টেট সিনেটর জন ল্যু, সিটি কাউন্সিল মেম্বার জিমি ভ্যান ব্রেমার, নব নির্বাচিত কাউন্সিল মেম্বার শেখর কৃষ্ণান, লিন শ্যূলম্যান এবং জুলি ওয়ান। এ ছাড়াও আয়োজকদের পক্ষ থেকেও অনেকেই বক্তব্য করেন।
স্বাগত ভাষণে লিজি রহমান বলেন, “আসিফ আমাকে বলতো মা চিন্তা কোরোনা। সবখানে বাইক লেন আছে। কিন্তু ওর মৃত্যুর পর আমি কুইন্স বুলেভার্ডে গিয়ে দেখি কোনো বাইক লেন নেই। তখন থেকেই আমি প্রতিজ্ঞা করেছিলাম, যেভাবেই হোক, এখানে বাইক লেন করবো। সিনেটর ল্যু, কাউন্সিল মেম্বার জিমি ভ্যান ব্রেমার শুরু থেকেই আমাকে সহযোগিতাও করে আসছেন। আর বাইক লেনের কাজ নিয়ে কাউন্সিল মেম্বার ইলেক্ট কৃষ্ণান আমার সাথে অনেক কাজ করেছেন। দেরিতে হলেও বাইক লেন হয়েছে। আজ আসিফ নেই, তোমরা আছো। তোমরা সবাই নিরাপদে এখানে সাইকেল চালাও।”

সিনেটর ল্যু বলেন,” প্রতিশ্রুতিশীল তরুণ আসিফের মৃত্যুর পর তেরো বছর ধরে সবাই কষ্ট পাচ্ছে। আসিফ রহমান এখানে মৃত্যুবরণ করার পর লিজি রহমান আর তার পরিবার মিলে চেষ্টা করেছে এই বাইক লেন করার জন্য। আজ বাইক লেন শেষ হওয়া উপলক্ষ্যে আসিফের স্মৃতিকে স্মরণ করি ও সম্মান জানাই।”
কাউন্সিল মেম্বার ভ্যান ব্রেমার বলেন, লিজি এই বাইক লেন আন্দোলনের হার্ট এন্ড সৌল। তুমি শুধু তোমার ছেলের জন্যই যুদ্ধ করোনি। সবার জন্য করেছো।”
উল্লেখ্য, তের বছর আগে কুইন্স বুলেভাডে সাইকেল চালাতে গিয়ে লিজি রহমানের সন্তান আসিফের করুণ মৃত্যু হয়।
তেরো বছরের বেশি আগে লিজি রহমান প্রথম কুইন্স বুলেবার্ডে বাইকলেন করার জন্য আন্দোলন শুরু করেন। বহু প্রতীক্ষিত কুইন্স বুলেভার্ড বাইক লেনের কাজটি সম্প্রতি শেষ হয়েছে। যার জন্য এই বিজয় শোভাযাত্রার আয়োজন করা হয়।


