সন্ধান২৪.কম : দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত ফুটেজে এক পর্যায়ে লৌহ মানব কিম জং উনকে কেঁদে ফেলতে দেখা যায়। তিনি কাঁদছেন ফুঁপিয়ে ফুঁপিয়ে আর চোখ মুছছেন। কিম জং উনের এই বক্তব্যের সময় অনেক দর্শককেই চোখ মুছতে দেখা যায়।
এক সামরিক মহড়ায় সেনা সদস্যদের আত্মত্যাগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ আর নাগরিকদের জীবনের মান উন্নয়নে ব্যর্থতার জন্য ক্ষমা চাওয়ার সময় উত্তর কোরীয় নেতা কিম জং উনকে আবেগাপ্লুত হতে দেখা গেছে। গত শনিবার দেশটির ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সামরিক মহড়ায় জড়ো হয় হাজার হাজার সেনা সদস্য। সম্প্রতি দেশটিতে বিধ্বংসী ঝড় এবং করোনাভাইরাস মোকাবিলায় সেনা সদস্যদের ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানান কিম জং উন।
সেনা সদস্যদের উদ্দেশে উত্তর কোরীয় নেতা কিম জং উন বলেন, তর দেশের এক জন নাগরিকও করোনাভাইরাসে আক্রান্ত না হওয়ায় তিনি সবার কাছে কৃতজ্ঞ। তবে উত্তর কোরিয়ার এই দাবি নিয়ে আগে থেকেই সন্দেহ পোষণ করে আসছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া।
কিম জং উন বলেন, নাগরিকদের জীবন মান উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি পূরণে বাধা হয়ে দাঁড়িয়েছে করোনাভাইরাস মোকাবিলায় আরোপ করা বিধিনিষেধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং বেশ কয়েকটি ঘূর্ণিঝড়। তিনি বলেন, ‘দেশের মানুষের জীবনের সংকট মোচনে আমার তৎপরতা এবং দায়িত্ববোধ যথেষ্ট হতে পারেনি। তারপরও দেশের জনগণ সবসময় আমাকে বিশ্বাস করে এবং আমার ওপর তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে আর আমার পছন্দ এবং প্রতিশ্রুতি যাই হোক না কেন তাদের কাছে সেটা কোনও বিষয় নয়।’


