সন্ধান২৪.কমঃ বাংলাদেশ ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামের বানান ভুল করেছে । এই ভুলকে কেন্দ্র করে সোসালমিডিয়ায় ব্যাপক বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
শনিবার রাতে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে ছাত্রলীগের কর্মসূচি ঘোষণা করে দেয়া বিজ্ঞপ্তিতে এ ভুল দেখা যায়। সেখানে শেখ মুজিবুর রহমানের নামের ‘মুজিবুর’ অংশটিকে ‘মজিবুর’ লেখা হয়। দুই স্থানে এ ভুল করা হয়।
বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ উপলক্ষে জাতীয় ঐতিহাসিক দিবসে কর্মসূচি ঘোষণা করে প্রেস রিলিজ দেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। সেখানে মোট ছয়বার বঙ্গবন্ধুর নাম উল্লেখ করা হয়। ৬ বারের ৪ বার সঠিক থাকলেও দুইবার ভুল করা হয়। দুইবারেই ‘মুজিবুর’ শব্দটিকে ‘মজিবুর’ লেখা হয়।

সকাল সাড়ে ৮টার প্রোগ্রাম উল্লেখ করে লেখা হয়, ‘ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।’ সকাল ১১টার কর্মসূচির কথা উল্লেখ করে লেখা হয়, ‘শিখা চিরন্তন হতে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের বাসা পর্যন্ত র্যালী।’
ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইন্দ্রনীল দেব শর্মা রনি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনা শুরু হয়। সমালোচনা শুরু হলে সংশোধন করে আবার বিজ্ঞপ্তি দেওয়া হয়।