সন্ধান২৪.কম : সৌদি প্রবাসীরা ফের সড়ক অবরোধ করে সৌদি এয়ারলাইন্সের টিকিটের টোকেনের দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করেছেন । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ লাঠিচার্জ করলে বেশ কয়েকজন আহত হন । পরে তারা সোনারগাঁও হোটেলের ফটক ভেঙে সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের সামনে অবস্থান নেন।
এদিকে এ পরিস্থিতির জন্য সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের গাফিলতি ও দায়িত্বহীনতাকে দুষছেন প্রবাসীরা। তথ্য প্রদান না করা ও যাদের ভিসার মেয়াদ কম তাদের আগে টিকিট না দেওয়াসহ এয়ারলাইন্সটির কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ করেন তারা।
২৬ সেপ্টেম্বর সৌদি এয়ারলাইন্স ঘোষণা অনুসারে ৪ অক্টোবর পরবর্তী টোকেন দেওয়ার কথা ছিল। কিন্তু কতজনকে দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি সংস্থাটি। পূর্ব ঘোষণা অনুযায়ী, রোববার নতুন টোকেনের জন্য অন্তত ১৫-২০ হাজার মানুষ সোনারগাঁও হোটেলের বাইরে অবস্থান নেন। এক পর্যায়ে হোটেলের গেট ভেঙে ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় মিছিল-স্স্নোগানে উত্তপ্ত হয়ে ওঠে রাজধানীর এ পাঁচ তারকা হোটেল। বেলা সোয়া ১১টা পর্যন্ত হোটেলে কোনো দর্শনার্থী প্রবেশ করতে পারেননি। কোনো দর্শনার্থী বেরও হতে পারেননি। ফলে কার্যত অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানীর গুরুত্বপূর্ণ এ হোটেলটি।


