সন্ধান ২৪.কম:ঢাকা-নিউইয়র্ক রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর তোড়জোড় শুরু হয়েছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে যুক্তরাষ্ট্রের তিন সদস্যের একটি প্রতিনিধি দল বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।
গতকাল ২৭ ফেব্রুয়ারি তারা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন। জানা যায়, গত ১৪ বছর ধরে ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।
২০২০ সালে ফ্লাইট পরিচালনার চেষ্টা করা হলেও করোনার কারণে ওই প্রক্রিয়া পিছিয়ে যায়। এখন আবার নতুন করে উদ্যোগ নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করছেন।
এছাড়া ফ্লাইট অপারেশন ব্যবস্থা, যাত্রী নিরাপত্তা, বিমানবন্দরের কর্মীদের ডিউটির পদ্ধতি, স্ক্যানিং, গ্রাউন্ড হ্যান্ডেলিংসহ সব ধরনের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।


