দিহানের বয়স আসলে কত?

সন্ধান২৪.কমঃ রাজধানীর কলাবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত তরুণ ফারদিন ইফতেখার দিহানের বয়স নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে। একটি সংঘবদ্ধ  গোষ্ঠী দিহানকে শিশু-কিশোর হিসেবে গণ্য করে মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়ায় সুবিধা পাওয়ার চেষ্টা করছেন। আদালতে ধর্ষণের অপরাধ প্রমাণিত হলে তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

 দিহানের পরিবারের পক্ষ থেকে তাকে কিশোর বলে দাবি করা হয়েছে। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বয়স আঠারোর নিচে বলে দাবি করা হয়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, দিহানের বয়স ১৮ বছর পেরিয়ে গেছে। সনদ অনুযায়ী দিহানের জন্ম তারিখ ২০০২ সালের ২৫ মে। ঘটনার সময় তার বয়স ছিল ১৮ বছর সাত মাসের বেশি।

 এজন্য সামাজিক যোগাযোগমাধ্যমসহ তার পরিবারের সদস্যদের কেউ কেউ দিহানকে কিশোর হিসেবে আখ্যায়িত করার চেষ্টা করছেন।

পুলিশ ও আইন বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের শিশু আইন অনুযায়ী ১৮ বছরের নিচের বয়সীদের সাধারণত শিশু হিসেবে গণ্য করা হয়। ফৌজদারি কোনও অপরাধে ১৮ বছরের নিচের কেউ জড়িত থাকলে তাকে গ্রেফতার, গ্রেফতার পরবর্তী জিজ্ঞাসাবাদ ও বিচারিক প্রক্রিয়ায় শিশু আইন অনুসরণ করতে হয়। দিহানের বয়স ১৮ বছর পার হওয়ায় শিশু আইন প্রতিপালনের কোনও সুযোগ নেই।

গত বৃহস্পতিবার (৭ জুলাই) রাজধানীর কলাবাগানের ডলফিন গলিতে ‘ও’ লেভেলের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে ফারদিন ইফতেখার দিহান নামে এক তরুণের বিরুদ্ধে। এ ঘটনায় ওইদিন রাতেই নিহত কিশোরীর বাবা বাদী হয়ে রাজধানীর কলাবাগান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

ময়নাতদন্তকারী চিকিৎসকরা বলেছেন, ধর্ষণের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় নিহত হয় ওই কিশোরী। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ জানিয়েছেন, ‘ময়নাতদন্তে ধর্ষণের আলামত পাওয়া গেছে। নিহত কিশোরীর যৌনাঙ্গ ও পায়ুপথে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে শরীরের অন্য কোথাও কোনও আঘাতের চিহ্ন ছিল না।’

দিহানের পরিবারের সদস্যরা বলছেন, গত বছর ধানমন্ডির ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুল থেকে ‘ও’ লেভেল সম্পন্ন করে দিহান। বর্তমানে সে জিইডি বা জেনারেল এডুকেশনাল ডেভেলপমেন্ট পরীক্ষা সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিচ্ছিল। সনদ অনুযায়ী, ২০০২ সালের ২৫ মে রাজশাহীর দুর্গাপুর থানাধীন রাতু গ্রামে তার জন্ম হয়। তার জন্মনিবন্ধন নম্বর ২০০২৮১১৩১৫৯০০০২২৫। ২০০৬ সালের ১ সেপ্টেম্বর নিবন্ধন করা হলেও ২০১৬ সালের ২ জানুয়ারি এই সনদ ইস্যু করা হয়। রাজশাহীর দুর্গাপুরের ২ নম্বর কিশমত গণকৈড় ইউপি চেয়ারম্যান মাসুদ রানা এই জন্মসনদ প্রদান করেন।

 

 

Exit mobile version