সন্ধান২৪.কম : ধর্ষণের স্বর্গরাজ্যে পরিনত হয়েছে বাংলাদেশ। প্রতিদিনই কোথাও না কোথাও ঘটছেই ধর্ষণের ঘৃণিত ঘটনা । ছেলে, বুড়ো, শিশু কিশোরী থেকে বাদ যাচ্ছে না সন্তানের মা গৃহবধূ পর্যন্ত। না’গঞ্জের বন্দরে শিশু মাদ্রাসাছাত্রের ধর্ষণের শিকার হয়েছে ৫ বছরের এক শিশু। লালমনিরহাটে তিন সন্তানের জননী গৃহবধূ, কুমিল্লায় কিশোরী এবং নীলফামারীর সৈয়দপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণের শিকার হয়েছে এক স্কুলছাত্রী। প্রতিনিধিদের পাঠানো খবরে এ তথ্য পাওয়া গেছে।
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দরে পঞ্চম শ্রেণীর এক মাদ্রাসাছাত্রের (১৩) বিরুদ্ধে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ওই মামলায় গতকাল দুপুরে আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, গত শনিবার বেলা ১১টার দিকে বন্দরের মাধবপাশা এলাকায় আসামি তার ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে। ওই শিশুর বাবা বাদী হয়ে গতকাল সকালে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে তাকে গ্রেফতার করা হয়। ওসি বলেন, ভুক্তভোগী ও আসামির পরিবার উভয়ই প্রতিবেশী। গ্রেফতার আসামি স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণীর ছাত্র। তাকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় গতকাল দুপুরে ধর্ষক আলমগীর হোসেন হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ করেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ। ১৪ অক্টোবর রাতে পশ্চিম বেজ গ্রামে এ ঘটনাটি ঘটে। গ্রেফতারকৃত হৃদয় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম মনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, ধর্ষক হৃদয় দীর্ঘ দিন ধরে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এমতাবস্তায় গত ১৪ অক্টোবর রাতে ওই গৃহবধূ ঘর থেকে বাইরে বের হলে হৃদয় গৃহবধূর মুখ চেপে ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
সৈয়দপুর (নীলফামারী) : সৈয়দপুরে বিয়ের মিথ্যে প্রলোভন দেখিয়ে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে গত শনিবার রাতে সৈয়দপুর থানায় মামলাটি করেছেন। মামলায় অভিযুক্ত আবু সাঈদ ওরফে সবুজকে (৪২) গ্রেফতার করেছেন থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. আবু সাঈদ ওরফে সবুজ পূর্ব বোতলাগাড়ী ওয়াপদা নতুনহাট এলাকার মৃত. আইয়ুব আলীর ছেলে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামের ওই ছাত্রী শহরের গোলাহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর ছাত্রী। তাকে স্কুলে ও প্রাইভেট পড়তে যাওয়া-আসার পথে প্রায় সময়ে উত্ত্যক্ত ও প্রেমের প্রস্তাব দিত সবুজ। গত ১৬ অক্টোবর বিকেলে ওই স্কুলছাত্রী তার বড় বোনের বাড়ি ঢেলাপীর পুলপাড়ায় বেড়াতে যায়। সেখানে তার বড় বোন ও দুলাভাইয়ের অনুপস্থিতিতে ঘরে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণ করে।
সৈয়দপুর থানার ওসি স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ছাত্রীর ডাক্তারি পরীক্ষার জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে এবং গ্রেফতারকৃত আসামি সবুজকে আদালতে পাঠানো হয়েছে।
কুমিল্লা : কুমিল্লায় কিশোরীকে অপহরণের পর ৫ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জেলার বুড়িচং উপজেলার ভারেল্লা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ শোভারামপুর নোয়াপাড়া গ্রামের কিশোরীকে গত ১২ অক্টোবর সকালে পার্শ্ববর্তী দয়ারামপুর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে সামিউল ওরফে বাছির (১৮) তার বন্ধু হৃদয়সহ সিএনজি অটোরিকশাযোগে অপহরণ করে। পরে তারা ওই কিশোরীকে নিয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলার উত্তর দূর্গাপুর ইউনিয়নের আড়াইওরা গ্রামের ভাড়া বাসায় আটকে রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এ ঘটনায় গত শনিবার রাতে ওই কিশোরী বাদী হয়ে বুড়িচং থানায় বাছির, তার বন্ধু জেলার বরুড়া উপজেলার মুশকিপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে হৃদয় (২৪), বুড়িচংয়ের দয়ারামপুর গ্রামের মো. রানা (২৮) ও বাছিরের মা লিপি আক্তারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
