সন্ধান২৪.কম: নিউইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র বিজয় উৎসবে বাংলাদেশ সোসাইটির বিজয় উৎসবে কমিউনিটির সামগ্রিক কল্যাণের অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নিউইয়র্ক সিটির উডসাইডে একটি অডিটরিয়ামে নব নির্বাচিত কমিটি দলমতের ঊর্ধ্বে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজের সংকল্প ব্যক্ত করলেন।
বিজয় উৎসবে সভাপতিত্ব করেন ‘সেলিম-আলী প্যানেল’র নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ। যৌথভাবে অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব তোফায়েল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক সিরাজ উদ্দিন আহমেদ সোহাগ।
পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, গীতা এবং বাইবেল থেকে পাঠের পর সকলের সুস্বাস্থ্য এবং সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতে নেতৃত্ব দেন জামিল আনসারী।
এরপর নির্বাচিতদের লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানানো হয়। নিউইয়র্ক সিটিতে একটি কমিউনিটি সেন্টার নির্মাণ, বাংলাদেশ ডে প্যারেড অনুষ্ঠান এবং যে কোনো নির্বাচনে ঐক্যবদ্ধ থাকার কথাও উচ্চারিত হয়। এ সময়।
বাংলাদেশ সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, এই প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আজমল হোসেন কুনু, প্রধান উপদেষ্টা মোহাম্মদ হোসেন খান, প্রধান সমন্বয়কারী আজহারুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক কাজী আজম, নব নির্বাচিত সিনিয়র সহ সভাপতি মহিউদ্দিন দেওয়ান ও সহ সভাপতি কামরুজ্জামান কামরুল সহ জ্যামাইকা, ওজনপার্ক, ব্রুকলীন, উডসাউড ও ব্রঙ্কস এলাকার নির্বাচন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ মঞ্চে ছিলেন।
এছাড়াও শুভেচ্ছা বক্তব্য পর্বে সোসাইটির সভাপতি আব্দুর রব মিয়া, আজমল হোসেন কুনু, আতাউর রহমান সেলিম, মোহাম্মদ আলী, মহিউদ্দিন দেওয়ান ও কামরুজ্জামান কামরুল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
আব্দুর রব মিয়া তার বক্তব্যে বলেন, সোসাইটি সভাপতি হিসেবে আমি সবার। নির্বাচনে যারা পরাজিত হয়েছেন তারাও আমার লোক, আর যারা বিজয়ী হয়েছেন তারাও আমার লোক। সোসাইটির যেকোন প্রয়োজনে তিনি সবসময় এক সাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।
নির্বাচিত সভাপতি আতাউর রহমান সেলিম বলেন, আমরা দুই প্যানেল থেকে নির্বাচন করেছি। নির্বাচন শেষে এখন আমরা সবাই এক প্যানেলের। এখন আর ‘সেলিম-আলী’ বা ‘রুহুল-জাহিদ’ প্যানেল নয়, সবাই বাংলাদেশ সোসাইটির প্যানেল।
নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠাসহ তার প্যানেলের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার করেন এবং এজন্য সকল বাংলাদেশীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
সবশেষে ছিলো নৈশ ভোজের পাশাপাশি মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান। এতে রানো নেওয়াজ সহ প্রবাসের জনপ্রিয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এই পর্ব পরিচালনা করেন সোসাইটির নব নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর ১৮ হাজার ভোটারের এ নির্বাচনে পূর্ণ প্যানেলে জয়ী হয়েছেন সেলিম-আলী প্যানেলের প্রার্থীরা। সভাপতি হয়েছেন আতাউর রহমান সেলিম এবং সেক্রেটারি মোহাম্মদ আলী। দুই বছর মেয়াদী কার্যকরী কমিটির ১৯ সদস্যের এ নির্বাচনে সর্বাধিক ভোটে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হিসেবে পুননির্রাচিত হয়েছেন মহিউদ্দিন দেওয়ান। আর বিনা প্রতদ্বন্দ্বিতায় প্রচার ও জনসংযোগ সম্পাদক হিসেবে আবারো নির্বাচিত হন রিজু মোহাম্মদ।
বিজয়ী অপর প্রার্থীরা হলেন-ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ কামরুজ্জামান, সহকারী সাধারণ সম্পাদক আবুল কালাম ভূইয়া, কোষাধ্যক্ষ মফিজুল ইসলাম ভূইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক অনিক রাজ, সমাজকল্যাণ সম্পাদক জামিল আনসারী, সাহিত্য সম্পাদক আকতার বাবুল, ক্রীড়া সম্পাদক আশরাফ খান লিটন এবং স্কুল ও শিক্ষা সম্পাদক হাসান জিলানী। নির্বাহী সদস্যরা হলেন-মো. সিদ্দিক পাটোয়ারি, হারুন, আবুল কাশেম চৌধুরী, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, মনসুর আহমেদ ও হাসান খান।
