নেপালের পার্লামেন্ট ভেঙে দিয়ে নির্বাচনের ঘোষণা

সন্ধান২৪.কমঃ  পার্লামেন্ট ভেঙে দিয়ে  নির্বাচনের ঘোষণা দিয়েছেন  নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারি  । করোনাভাইরাস প্রাদুর্ভাব পরিস্থিতির অবনতি হতে থাকায় নভেম্বরে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছেন তিনি।

ভান্ডারির বেঁধে দেওয়া সময় শুক্রবারের মধ্যে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী কে. পি. শর্মা অলি বা বিরোধীদলীয় নেতা শের বাহাদুর দেউবা নতুন সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা দেখাতে পারেননি, এক প্রেসিডেন্সিয়াল বিবৃতিতে এমন কথা জানানোর পর এ ঘোষণা আসে।

এর আগে গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী অলি নিজেই পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন। এ নিয়ে কয়েক সপ্তাহ ধরে বিক্ষোভ চলার পর ফেব্রুয়ারিতে নেপালের সর্বোচ্চ আদালত তার এই সিদ্ধান্তকে অসাংবিধানিক উল্লেখ করে তা বাতিল করেছিলেন।

চলতি মাসে পার্লামেন্টের এক আস্থা ভোটে পরাজিত হওয়ার পর অলি সরকারের পতন হয়। এরপর প্রেসিডেন্ট ভান্ডারি সোমবারই নতুন একটি সংখ্যাগরিষ্ঠ সরকার গঠনের জন্য দলগুলোকে আহ্বান জানিয়েছিলেন। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত অলি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে কাজ চালিয়ে যাচ্ছেন।

দেশটির পাঁচ বিরোধী দলীয় নেতা এক যৌথ বিবৃতিতে বলেছেন, যখন লোকজন করোনাভাইরাস মহামারীতে ভুগছে ও মারা যাচ্ছে তখন প্রধানমন্ত্রী দেশকে গভীর সমস্যার দিকে ঠেলে দিচ্ছেন। 

“মহামারীর সঙ্গে লড়াইয়ের জন্য যখন দেশকে ঐক্যবদ্ধ করা দরকার তখন পার্লামেন্ট ভেঙে জনগণের দুর্ভোগ ও সমস্যাকে আরও বাড়িয়ে তোলা হল,” তাদের বিবৃতিতে এমনটাই বলা হয়েছে। 

 

Exit mobile version