সন্ধান২৪.কম : চট্টগ্রামের মীরসরাইয়ের ওয়াহেদপুর এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল মালেক (২৩) ও সুমাইয়া আক্তার (১৪) নামে দুই ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দক্ষিণ ওয়াহেদপুর বাওয়াছড়া সড়কের রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা প্রত্যক্ষদর্শী মোঃ শাখাওয়াত হোসেন জানান, শুক্রবার বিকেলে মোস্তফার স্ত্রী-ছেলে মেয়েসহ ওয়াহেদপুর বাওয়াছড়া লেকে ঘুরতে যায়। সেখান থেকে আসার পথে রেললাইনে ছবি তুলছিল মালেক। সে শ্রবণ প্রতিবন্ধী ছিল। এসময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি ট্রেন আসছে দেখে ভাইকে বাঁচাতে গিয়ে বোন সুমাইয়া চেষ্টা করেন। কিন্তু ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারান বোন সুমাইয়াও। ঘটনাস্থলে দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মালেক প্যারাগন ফিড মিলে চাকরি করতেন। ভাই-বোনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত দুই ভাই-বোন মোহাম্মদ নুরুল মোস্তফার সন্তান। তার বাড়ি চাঁদপুর জেলায়। চাকরির সুবাদে দীর্ঘ ১৫ বছর ধরে ওয়াহেদপুর এলাকায় বসবাস করে আসছে তারা।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার বিকাল ৫টায় ইয়াসমিন আক্তার তার প্রতিবন্ধী ভাই আব্দুল মালেক ও আরো কয়েকজনসহ মিরসরাই উপজেলার বাউয়াছড়া হ্রদ দেখতে যান। সেখান থেকে ফেরার পথে আব্দুল মালেক ওয়াহেদপুর গ্রামের ঈদগাহ এলাকার ট্রেন লাইনে দাঁড়িয়ে মোবাইল দিয়ে ছবি তুলছিলেন। এসময় ঢাকামুখী একটি ট্রেন আব্দুল মালেকের খুব কাছাকাছি চলে আসলে তার বোন ইয়াসমিন আক্তার তাকে বাঁচানোর জন্য গেলে ট্রেনের ধাক্কার ঘটনাস্থলেই দুই ভাই-বোন নিহত হন।
