সন্ধান২৪.কমঃ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন বাংলাদেশের ক্রীড়াঙ্গনের তারকারা। যাদের মধ্যে রয়েছেন মাশরাফী বিন মুর্ত্তজা, সাকিব আল হাসান, সালমা খাতুন ও জাহানারা আলম।
এ সময় নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে নিজেকে সম্মানিতও মনে করছেন বলে জানান বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান।
ভারতীয় এক ভিডিও বার্তায় নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে নিজের অনুভূতির কথা জানিয়েছেন সাকিব। সাকিব বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করে সম্মানিত বোধ করছি আমি। ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফরে বাংলাদেশ-ভারত দুই দেশই লাভবান হবে। আমি মনে করি তাঁর নেতৃত্বে ভারত আরও সমৃদ্ধি অর্জন করবে। আমি আশা করি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক আরও উন্নত হবে।
বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে ২৬ মার্চ (শুক্রবার) ঢাকা এসে পৌঁছান তিনি।
রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী বাংলাদেশি তরুণদের সঙ্গে দেখা করেন নরেন্দ্র মোদি। এই দলে ছিলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা, অলরাউন্ডার সাকিব আল হাসান, নারী ক্রিকেট তারকা সালমা খাতুন, জাহানারা আলম, অভিনেত্রী জয়া আহসান, নুসরাত ফারিয়া, চিত্র পরিচালক রেদোয়ান রনি, সংগীত তারকা শারমিন সুলতানা সুমিসহ অনেকেই।
