সন্ধান২৪.কমঃ মিশরে আবাসিক ভবন ধসে চার নারী নিহত হয়েছেন। শুক্রবার উত্তরের মিশরীয় শহর আলেকজান্দ্রিয়াতে অবস্থিত জরাজীর্ণ ভবনটি ধসে পড়লে এই মৃত্যুর ঘটনা ঘটে।

এএফপি বলছে, চারজন নিহত ছাড়াও নিরাপত্তা কর্মীরা চারজনকে উদ্ধার করেছে। তাদের মধ্যে একজন গুরুতর আহত হয়েছেন। আলেকজান্দ্রিয়া প্রদেশের সরকারি ফেসবুক পেজ বলছে, পাঁচতলা ভবনটিকে সংস্কারের জন্য ২০১৮ সালে আদেশ দেওয়া হয়েছিল। উপরের তলটি ভেঙে ফেলারও আদেশ দিয়েছিল কর্তৃপক্ষ।
১৯-২০ শতকের গোড়ার দিকের অনেকগুলো ভবন রয়েছে আলেকজান্দ্রিয়া ও কায়রোতে। অনেকগুলো ভবনে সরকারি অফিস রয়েছে। আবার কিছু ভবনে সাধারণ মানুষ থাকেন। দুর্বল কাঠামো ও রক্ষণাবেক্ষণের অভাবে মিশরে প্রায়ই ভবন ধসে পড়ছে। সূত্র: এএফপি।