রাজধানী ঢাকায় ধর্ষণের শিকার গৃহকর্মীর আত্মহত্যা

সন্ধান২৪.কমঃ রাজধানীর কলাবাগান এলাকার একটি বাসার বাথরুম থেকে গলায় ওড়না পেঁচানো কিশোরী গৃহকর্মীর(১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার( ১৩ জানুয়ারি) বিকেলের এ ঘটনায় কিশোরীর বাবার করা মামলায় দারোয়ান জুনায়েদকে আটক করা হয়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জুনায়েদকে ৩ দিনের রিমান্ডে নেয়া হয়েছে বলে জানিয়েছে কলাবাগান থানা পুলিশ। কিশোরীর গ্রামের বাড়ি নোয়াখালী।

কলাবাগান থানার পরিদর্শক (তদন্ত) বলেন, ‘১৭ বছর বয়সী ওই কিশোরী পাঁচ বছর ধরে গৃহকর্মীর কাজ করে আসছিলেন। বুধবার দুপুরে বাসার ছাদে কাপড় মেলতে যান। এ সময় বাসার দারোয়ান জুনায়েদ তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। আর এ ঘটনা ওই বাসার আরেকজন নিরাপত্তারক্ষী দেখে ফেলেন। তখন জুনায়েদ এ ঘটনা কাউকে না বলার জন্য ওই নিরাপত্তারক্ষীকে অনুরোধ করে। তবে ওই নিরাপত্তারক্ষী এই ঘটনা বাসার মালিক মহিউদ্দিন চৌধুরীকে জানিয়ে দেন। এ ঘটনা জানাজানি হলে কিশোরীটি বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। ওই কিশোরীর বাড়ি নোয়াখালীতে।

পরে ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে বাসার নিরাপত্তারক্ষী জুনায়েদকে আসামি করে মামলা করেন ওই কিশোরীর বাবা। বৃহস্পতিবার জুনায়েদকে ৭ দিনের রিমান্ডের আবেদন জানালে শুনানি শেষে তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

 

Exit mobile version