রাজশাহীতে সড়কে তিন যানের সংঘর্ষে নিহত ১৭

সন্ধান২৪.কমঃ রাজশাহীর কাটাখালীতে  শুক্রবার বেলা পৌনে দুইটার দিকে বাস-মাইক্রোবাস-হিউম্যান হলারের সংঘর্ষে অন্তত ১৭জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এ ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রাজশাহী সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আবদুর রউফ জানান, দুপুরে রংপুরের পীরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাস কাটাখালী থানার সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি হিউম্যান হলারকে ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটির গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়। এতে মাইক্রোবাসটির ভেতরে চার পরিবারের ১৩ সদস্যের সবাই মারা গেছেন। এছাড়া বাসের আরও চারজন মারা গেছেন। এদের মধ্যে রামেক হাসপাতালে নেয়ার পর ছয়জনকে মৃত ঘোষণা করা হয়। আর ঘটনাস্থলে মাইক্রোবাসের ভেতর থেকে ১১ জনের লাশ বের করা হয়।

আগুনে মাইক্রোবাস ও হিউম্যান হলারটিও পুড়ে গেছে। রামেক হাসপাতালে গুরুতর আহত অবস্থায় দুইজন চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষণিকভাবে আহত-নিহতদের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ ও ফায়ার সার্ভিস। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

দুর্ঘটনার পর ওই সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

 

Exit mobile version