সন্ধান২৪.কম : হিমালয় বেষ্টিত লাদাখ অঞ্চলে ভারত-চীন সীমানা নিয়ন্ত্রণ রেখার (এলএসি) কাছে অন্তত তিনটি নতুন রানওয়ে তৈরি করছে চীন। উদ্বিগ্ন ভারত পরিস্থিতি সামলাতে ভারতীয় সেনাবাহিনীও উত্তর ভারতের বিভিন্ন এলাকা থেকে আরও কমান্ডো বাহিনী পাঠাচ্ছে লাদাখে।
চীনের হোটান বিমানঘাঁটির কাছে রানওয়ে তিনটি তৈরির কাজ চলছে। সেখানে একটি বড় অস্ত্রাগারও নির্মাণ করছে চীনা সেনারা। কারাকোরাম গিরিপথ থেকে ২৫০ কিলোমিটার দূরে অবস্থিত হোটান ঘাঁটি। সেখান থেকে লাদাখের প্যাংগং সোর ফিঙ্গার ফোর এলাকার দূরত্ব ৩০০ কিলোমিটার।

ভারতীয় এক সেনা কর্মকর্তার কথায়, ‘চীনের সঙ্গে সেনাবাহিনীর ব্রিগেডিয়ার স্তরে আলোচনা প্রায় ব্যর্থ। চীনের সেনাবাহিনী দখল করা এলাকা ছাড়তে রাজি নয়। বরং গত সপ্তাহে আমরা যে এলাকা দখল করেছি, তা ছেড়ে যেতে আমাদের চাপ দিচ্ছে চীন। আমাদের ধারণা, আলোচনার আড়ালে চীন আসলে দ্রত নির্মাণকার্য চালাচ্ছে।’
প্রসঙ্গত, চীনের সঙ্গে সীমান্তে নতুন করে যে উত্তেজনা শুরু হয়েছে, তা প্রশমনে রাজি হয়েছে ভারত ও চীন। দুই এশীয় পারমাণবিক অস্ত্রের অধিকারী প্রতিবেশীর মধ্যে জুন থেকেই সীমান্তে উত্তেজনা চলছে। এ নিয়ে বৈঠকও হয়েছে অনেকবার। সবশেষ মস্কোয় প্রতিরক্ষামন্ত্রী পর্যায়ে বৈঠকের পর শনিবার দিলিস্ন এ কথা জানিয়েছে। শুক্রবার মস্কোয় বৈঠকের পর সীমান্ত অশান্ত করে তোলার দায় পুরোপুরি চীনের ওপর চাপিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।