সন্ধান২৪.কম : নোবেল পুরস্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম দ্বিতীয়বারের মতো প্রস্তাব করা হয়েছে । আগামী বছর শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে কসোভো এবং সার্বিয়াকে শান্তিচুক্তির আওতায় আনতে ভূমিকা রাখায় পুরস্কারটির জন্য তার নাম প্রস্তাব করেছেন সুইডেনের আইনপ্রণেতা ম্যাগনাস জ্যাকবসন। এর আগে গত বুধবার দীর্ঘদিন ধরে বিবদমান ইসরাইল এবং সংযুক্ত আরব আমিরাতকে চুক্তির আওতায় আনতে মধ্যস্থতার জন্য ট্রাম্পকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব করেন নরওয়ে পার্লামেন্টের সদস্য ক্রিশ্চিয়ান টাইব্রিং-জিজেডে।
চলতি মাসের প্রথম সপ্তাহে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সার্বিয়া ও কসোভো অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুচিচ ও কসোভোর প্রধানমন্ত্রী, আবদুলস্নাহ হোতি পারস্পরিক সহযোগিতায় সম্মত হন। ওভাল অফিসে দুই নেতার পাশে দাঁড়িয়ে ট্রাম্প বলেন, ‘আমি এই ঐতিহাসিক প্রতিশ্রম্নতির ঘোষণা দিতে পেরে গর্বিত’।
ট্রাম্পকে দ্বিতীয় মনোনয়ন দেওয়ার ঘোষণা দিয়ে জ্যাকবসন বলেন, ‘হোয়াইট হাউসে স্বাক্ষরিত শান্তি এবং অর্থনৈতিক উন্নয়নের যৌথ চুক্তির জন্য আমি ট্রাম্প প্রশাসন, সার্বিয়া এবং কসোভোকে শান্তিতে নোবেল পুরস্কারে মনোনীত করার প্রস্তাব দিয়েছি।’
দুই দিন আগে শান্তি পুরস্কারের জন্য ট্রাম্পের নাম প্রস্তাব করা হয় আমিরাত-ইসরাইল চুক্তিতে মধ্যস্থতা করার প্রসঙ্গ টেনে। ১৯৭৯ সালে মিসর ও ১৯৯৪ সালে জর্ডানের পর তৃতীয় আরব দেশ হিসেবে গত ১৩ আগস্ট ট্রাম্পের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত।
প্রসঙ্গত:, নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে ট্রাম্পের নাম প্রস্তাবের ঘটনা এ বছরই প্রথম নয়। এর আগে ২০১৮ সালে সিঙ্গাপুরে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের সঙ্গে শান্তি আলোচনার প্রেক্ষাপটে তার নাম প্রস্তাব করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ট্রাম্প পুরস্কার জেতেননি।
শান্তিতে ট্রাম্পকে নোবেল দিতে নয়া আর এক প্রস্তাব
