সন্ধান২৪.কম : বর্তমান সরকার বিএনপি ধ্বংসের জন্য বহুমুখী চক্রান্ত চালাচ্ছে। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান,চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার-মিথ্যাচার চালানো হচ্ছে। এই নীলনকশা রুখে দিতে দলকে ঐক্যবদ্ধ থেকে সামনে এগিয়ে যেতে হবে। গতকাল সকালে এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন।
যুক্তরাষ্ট্রে বিএনপি’র ম্যারিল্যান্ড শাখার অংশগ্রহণে সাংগঠনিক কর্মশালার উদ্বোধনকালে রিজভী বলেন, দলের নীতি আদর্শ এবং সাংগঠনিক লক্ষ্য বাস্তবায়নের জন্য কাজ করতে হবে। দেশের জনগণের পাশাপাশি প্রবাসীদের মধ্যেও তুলে ধরতে হবে সরকারের দু:শাসনের চিত্র। প্রবাসী বাংলাদেশিরা কিভাবে দেশ এবং দলের স্বার্থে আরও ইতিবাচক ভূমিকা রাখতে পারেন, দেশে বিদেশে একে অপরের কল্যাণে আরও বেশি ভূমিকা রাখতে পারেন তা নিয়ে সকলকে কাজ করতে হবে। সরকারের অপপ্রচার ও দুষ্টচক্রের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। এই সরকার যদি মনে করে তারাই শেষ সরকার তাহলে তারা ভুল করবেন। কর্মশালার ভার্চুয়াল অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া নীতি নির্ধারণী একটি বক্তব্য প্রচার করে শোনানো হয়।
কর্মশালার প্রধান সমন্বয়ক বিএনপির কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে শুরু হয়েছে বিএনপির সাংগঠনিক কর্মশালা। এসব কর্মশালায় অংশ নেবেন বিদেশে বিএনপি’র প্রতিটি সাংগঠনিক ইউনিটের সংশ্লিষ্ট নেতাকর্মীরা। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের প্রতিটি স্টেটে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ম্যারিল্যান্ড শাখার আহ্বায়ক শাহিদ খান চৌধুরী এবং পরিচালনা করেন ম্যারিল্যান্ড শাখার সদস্য সচিব সেলিম এম হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। এছাড়াও আলোচনায় অংশ নেন কবিরুল ইসলাম, মোহাম্মদ কাজল, আলবাব হোসেন সোহাগ, মিজানুর রহমান, মো. শামীম, মো. শাহেদ, হাসান চৌধুরী, আফরিন হাদী লিয়ানা, আহমেদ আনিস চৌধুরী, ইমাম হোসেন খান, বাবলু চৌধুরী প্রমুখ।


