নিউইয়র্ক সিটিতে বেড়ে চলা আবাসন সমস্যা উল্লেখযোগ্যভাবে কাটিয়ে ওঠার লক্ষ্যে মেয়র এরিক অ্যাডাম সুদূরপ্রসারী পরিকল্পনা ঘোষণা করেছেন, যা মধ্যে রয়েছে বাড়ির মালিকানা বৃদ্ধি, হোমলেস সমস্যা কমানো এবং সরকারি আবাসন ব্যবস্থার উন্নয়ন ঘটানো। মেয়র এমন এক সময়ে তার আবাসন পরিকল্পনা ঘোষণা করলেন, যখন বাড়িভাড়া বাড়ছে পাল্লা দিয়ে এবং মর্টগেজ লোনের ওপর সূদের হারা সাম্প্রতিক ইতিহাসের মধ্যে সর্বোচ্চ। ভাড়াটেদের সহায়তা দানের যে কর্মসূচি রয়েছে, সেসব ক্ষেত্রেও সূদ হার যথেষ্ট চড়া এবং বাড়ি থেকে ভাড়াটেদের উচ্ছেদের ওপর এখন আর কোনো বাধা নেই। কিন্তু সূচনাতেই এ ব্যাপারে মুখ খুলেছে হাউজিং গ্রুপগুলো। তাদের মতে মেয়রের বাজেটে মাত্র এক বিলিয়ন ডলারের বরাদ্দ তা উচ্চাভিলাষী পরিকল্পনা বাস্তবায়নে যথেষ্ট নয়।
নিউইয়র্ক সিটি হাউজিং অথরিটি যুক্তরাষ্ট্রের সবচেয়ে পাবলিক হাউজিং প্রতিষ্ঠান, এবং প্রতিষ্ঠানটি সিটির ক্রমবর্ধমান আবাসন ইউনিটের চাহিদা পূরণে হিমশিম খাচ্ছে। এ পরিস্থিতিতে গত মঙ্গলবার মেয়র অ্যাডামসের ঘোষিত আবসন পরিকল্পনার পাঁচটি আবাসন উদ্যোগের কথা উল্লেখ করা হয়েছে, এবং এগুলোর মধ্যে রয়েছে অ্যাফোর্ডেবল হাউজিং সম্প্রসারণে আবাসিক ইউনিটি নির্মাণে ডেভেলপারদের প্রনোদনা দান এবং ইউনিটপ্রতি অ্যাপার্টমেন্টের মূল্য চলতি বাজারদরের চেয়ে নিচে রাখার জন্য সিটির বর্তমান প্রচেষ্টা অব্যাহত রাখা। মেয়র সরকারি ও বেসরকারি বাড়িতে বসবাসের ব্যবস্থা উন্নত করার প্রতিশ্রুতিও দিয়েছেন। বাড়ির মালিকানা দানের জন্য বাড়ির মূল্যে ভর্তুকি দানের বিষয়টিকেও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে বলে জানান তিনি।
তবে আবাসিক বিষয়ে পর্যবেক্ষণ করেন, এমন গ্রুপগুলোর মতে, মেয়র অ্যাডামস সিটির প্রধান প্রধান হাউজিং সমস্যাগুলোর কথা উল্লেখ করলেও তিনি সেগুলো সমাধানের ব্যাপারে বিস্তারিত কিছুই বলেননি, যা ফলে সিটিবাসীর মাঝে বিভ্রান্তির সৃষ্টি হবে যে আসলে মেয়র এই বিশাল সমস্যা সমাধনে কি করতে চান। মেয়রের স্পষ্ট করা উচিত যে সিটির জোনিং আইনে অ্যাফোর্ডেবল হাউজিং ডেভেলপমেন্ট এর সুবিধা এবং সিঙ্গেল অ্যাডাল্ট সিটিবাসীর জন্য এক বেডরুমের অ্যাপার্টমেন্ট সংখ্যা বৃদ্ধি করতে তিনি কী করতে যাচ্ছেন। তবে সদ্য ঘোষিত সিটির বাজেটে আগামী ১০ বছরের মধ্যে অ্যাফোর্ডেবল হাউজিং কর্মসূচিতে ৫ বিলিয়ন ডলার বরাদ্দ রাখা হয়েছে। ফলে অ্যাফোর্ডেবল হাউজিং খাতে ওই সময়ের মধ্যে বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে ২২ বিলিয়ন ডলার।
মেয়র এরিক অ্যাডামস তার হাউজিং পরিকল্পনা ঘোষণা করার পর নিউইয়র্ক সিটিতে বাড়ি মালিকদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলো তার পরিকল্পনার প্রশংসা করেছেন যে মেয়র আমলাতন্ত্রের লালফিতার দৌরাত্ম কাটিয়ে ওঠতে পেরেছেন, যা বড় ধরনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য সবচেয়ে বড় প্রয়োজন।
অন্যদিকে অ্যাফোর্ডেবল হাউজিং প্রবক্তারা বলেছেন যে মেয়রের হাউজিং পরিকল্পনা যথেষ্ট সাহসী পরিকল্পনা নয়। নন-প্রফিট লিগ্যাল এইড সোসাইটি এক বিবৃতিতে বলেছে যে লাল ফিতার দৌরাত্ম সমস্যার একটি অংশ মাত্র। হোমলেস সমস্যা, নিম্নআয় বিশিষ্ট মানুষের জন্য আবাসনসহ অ্যাফোর্ডেবল হাউজিং এর সমস্যা দূরীকরণে মেয়রের ঘোষিত পরিকল্পনা নির্দিষ্ট করে কিছু বলেনি। বিবৃতিতে আরও বলা হয় যে, হোমলেস সমস্যা দূর করতে হোমলেস শেল্টারগুলোতে যারা বসবাস করছেন, তাদের মধ্যে যারা স্থায়ী আবাসন লাভের যোগ্য তাদের জন্য অনুরূপ ব্যবস্ধা করা জরুরী। ডিপার্টমেন্ট অফ হোমলেস সার্ভিসেস এর হিসাব অনুযায়ী সিটির প্রধান হোমলেস কেন্দ্রগুলোতে প্রায় ৪৬,০০০ জন হোমলেস বাস করে। কিন্তু সিটির অন্যান্য সংস্থা কর্তৃক পরিচালিত হোমলেস শেল্টারগুলোতে আরও প্রায় ১০,০০০ হোমলেস বসবাস করে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী হোমলেস শেল্টারগুলো থেকে গত এক দশকে প্রায় ২৫,০০০ জনকে স্থায়ী আবাসনে স্থানান্তরিত করা সম্ভব হয়েছে। এছাড়া সিটির পরিকল্পনা অনুযায়ী প্রতিবছর ৬,০০০ ইউনিট আবাসিক ইউনিট নির্মাণ করা হবে।


