সন্ধান২৪.কম: নিউইয়র্কে আজ থেকে তিন দিনব্যাপী ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা-২০২৬’ হচ্ছে।
একাত্তরের প্রহরী ফাউন্ডেশন-যুক্তরাষ্ট্র আয়োজিত দ্বিতীয়বারের এই বই মেলা নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির ইভাঙেল ক্রিশ্চিয়ান সেন্টারে ( ৩৯-২০ ২৭ ষ্ট্রিট ) অনুষ্ঠিত হচ্ছে ।
আয়োজকরা জানান, মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মানবিক আদর্শ ও প্রজন্মকে একাত্তরের আলোয় দীক্ষিত করার প্রত্যয় নিয়ে হতে যাচ্ছে ‘বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা-২০২৬’।

আজ বইমেলার প্রথম দিন সন্ধ্যে ৬টার অনুষ্ঠানসূচীতে থাকছে মেলার উদ্ভোধন,স্বাগত ভাষণ,শুভেচ্ছা বক্তব্য, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আগামী ১৬ ও ১৭ মে নানা আয়োজনে বইমেলাকে সাজানো হয়েছে।
উত্তর আমেরিকাসহ ইউরোপ, কলকাতা, বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে অতিথিরা এই আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচেছন বলে জানিয়েছে আয়োজকরা ।
এবারের বইমেলায় আধুনিক স্টল ব্যবস্থাপনা, ডিজিটাল বুক কর্নার, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, মুক্তিযুদ্ধভিত্তিক প্রদর্শনী এবং শিশুদের জন্য সৃজনশীল কর্মশালার মতো ব্যতিক্রমধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে, যা প্রবাসে বাংলা বইমেলাকে নতুন মাত্রা দেবে বলে জানান আয়োজক সংগঠনের অন্যতম সদস্য গোপাল সান্যাল ।

তিনি বলেন, বইমেলাকে কেন্দ্র করে নিউইয়র্কের বইপ্রেমিকদের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। হাজারো বইয়ের পরসা ও শত অনুষ্ঠান পর্ব নিয়ে আজ শুক্রবার পর্দা উঠছে বঙ্গবন্ধু বইমেলা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা উদযাপন কমিটির সদস্য সচিব স্বীকৃতি বড়ুয়া বলেন, বইমেলা মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক বাংলাদেশের চিরভাস্বর চেতনাকে সারা বিশ্বের পরবর্তী বাঙালি প্রজন্মের কাছে পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ।’
বঙ্গবন্ধু আন্তর্জাতিক বইমেলা-২০২৬-এর আহ্বায়কে বীর মুক্তিযোদ্ধা, লেখক, সংগীতশিল্পী তাজুল ইমাম জানান, বঙ্গবন্ধু আন্তর্জাতিক মেলার প্রধান অতিথি হিসেবে থাকবেন মার্কিন কবি ও অনুবাদক ক্যারোলিন রাইট।


