সন্ধান২৪.কম : মুকুল রায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার তিন বছরের মাথায় দলের সর্বভারতীয় সহ-সভাপতির দায়িত্ব পেলেন । অন্যদিকে, বিজেপির কেন্দ্রীয় সম্পাদক পদ খুইয়েছেন রাহুল সিনহা।
মুকুলের পাশাপাশি পশ্চিমবঙ্গ থেকে বিজেপি কেন্দ্রীয় পদাধিকারিদের তালিকায় নাম রয়েছে আর এক দলত্যাগী তৃণমূল নেতা অনুপম হাজরার। বোলপুরের প্রাক্তন সাংসদ অনুপম বিজেপির সর্বভারতীয় সম্পাদক পদ পেয়েছেন। দলের নয়া সর্বভারতীয় মুখপাত্রদের তালিকায় রয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তা। শনিবার দলের সভাপতি জে পি নড্ডা কেন্দ্রীয় পদাধিকারিদের তালিকা ঘোষণা করেছেন।
পদ হারানোর খবর পেয়েই প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল। ভিডিয়ো বিবৃতিতে তিনি বলেন, “চল্লিশ বছর বিজেপির সেবা এবং বিজেপির একজন সৈনিক হিসেবে কাজ করে এসেছি। জন্মলগ্ন থেকে বিজেপির সেবা করবার পুরস্কার এটাই যে— তৃণমূল কংগ্রেসের নেতা আসছেন, তাই আমাকে সরতে হবে। এর চেয়ে বড় দুর্ভাগ্যের কিছু আর হতে পারে না। পার্টি যে পুরস্কার দিল সেই পুরস্কারের পক্ষে বিপক্ষে কিছু বলতে চাই না।” এখানেই থামেননি রাহুল সিনহা। কিছুটা হুমকির সুরেই বলেন, “আমি যা বলার দশ-বারো দিনের মধ্যে বলব এবং আমার ভবিষ্যত্ কর্মপন্থা ঠিক করব।” এই মন্তব্যের পরেই শুরু হয়েছে জল্পনা, রাহুল কি তবে শোধ নিতে মুকুল-অনুপমের পুরনো ঘরের দরজায় যাওয়ার কথা ভাবছেন!


