সন্ধান২৪.কম : মৃদু ভূমিকম্প ভারতে গত কয়েক দিন ধরেই আঘাত হানছে । গত বৃহস্পতি ও শুক্রবারের পর শনিবারও দেশটিতে ভূমিকম্পে কেঁপে ওঠে। এদিন দেশটির স্থানীয় সময় সকাল ৬ টা ১০ মিনিটে মৃদু কম্পন অনুভূত হয় মিজোরামের চম্পাই এলাকায়। একই দিনে মহারাষ্ট্র্রের পালঘরও কেঁপে ওঠে ভূমিকম্পে। বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ঘনঘন এই ভূমিকম্প।
গত ৬ মাসের মধ্যে গোটা ভারত বারবার ভূমিকম্পে কেঁপে উঠছে। গত কয়েক মাসে অনেক বার ভূমিকম্প হয়েছে জম্মু-কাশ্মীর, দিল্লি-সহ উত্তর ও উত্তরপূর্ব ভারতে। বারবার মাটি নড়ে উঠতেই দিল্লিসহ উত্তর ভারত ও উত্তর-পূর্বের বিস্তীর্ণ অংশে জল্পনা শুরু হয়েছে বড় ধরনের ভূমিকম্প আসন্ন কিনা সেটা নিয়ে।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছে, এদিন সকাল ৮টা ২৭ মিনিটে মহারাষ্ট্রের পালঘরে মৃদু ভূমিকম্পের সৃষ্টি হয়। রিখটার স্কেলে সেটির তীব্রতা ছিল ২ দশমিক ৬। ভূপৃষ্ঠ থেকে উত্সস্থলের গভীরতা ছিল মাত্র পাঁচ কিলোমিটার। অন্যদিকে, মিজোরামের চম্পাই এলাকায় অনুভূত হওয়া ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৬। মাটি থেকে উত্সস্থলের গভীরতা ছিল পাঁচ কিলোমিটার। তবে এত কম মাত্রার কম্পন হওয়ায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই জানা গেছে।


