সন্ধান২৪.কম : যুক্তরাষ্ট্রের সাবেক তিন প্রেসিডেন্টই একটি বিষয়ে একমত পোষন করেছেন । এই তিনজন বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন জনসচেতনতায় নিজেদের জনপ্রিয়তা কাজে লাগাতে রাজি হয়েছেন। মার্কিন নাগরিকদের উৎসাহিত করতে ক্যামেরার সামনে করোনা ভাইরাসের ভ্যাকসিন নেবেন এই তিন সাবেক প্রেসিডেন্ট, যাতে দেশটির নাগরিকরা তা গ্রহণে আগ্রহী হন।
এ প্রসঙ্গে ওবামা বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ড. অ্যান্থনি ফাউচি মনে করেন ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর, তাহলে তিনি তা গ্রহণ করবেন।
তিনি বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি যে, যখন কম ঝুঁকিতে মানুষের জন্য ভ্যাকসিন উন্মুক্ত করা হবে আমি তা গ্রহণ করবো। হয়তো তা টিভিতে বা ক্যামেরার সামনে গ্রহণ করবো। যাতে করে মানুষ বিশ্বাস করে আমি বিজ্ঞানে আস্থা রাখি।
ওবামার এই মন্তব্যের পর বুশ ও ক্লিনটনের প্রতিনিধিরাও একই তথ্য জানিয়েছেন। তারা বলছেন, সাবেক এই দুই প্রেসিডেন্টও প্রকাশ্যে টিকা গ্রহণ করবেন।
বুশের চিফ অব স্টাফ ফ্রেডি ফর্ড জানিয়েছেন, ড. ফাউচি ও হোয়াইট হাউজের করোনা মোকাবিলার সমন্বয়ক ড. ডেবোরাহ বির্কসের সঙ্গে যোগাযোগ করেছেন সাবেক প্রেসিডেন্ট। ভ্যাকসিনের প্রচারের জন্য তার কোনও ভূমিকার সুযোগ আছে কিনা।
ক্লিনটনের প্রেস সেক্রেটারি অ্যাঞ্জেল উরেনাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন, টিভিতে প্রকাশ্যে ভ্যাকসিন গ্রহণে রাজি আছেন ক্লিনটন। একই সঙ্গে মার্কিনিরা যেন টিকা গ্রহণ করে সেই আহ্বানও জানাবেন।


