সন্ধান২৪.কম ডেস্ক :গত সোমবার মানসিক ভারসাম্যহীন এক মহিলা ছুরি হাতে কোপাচ্ছেন অপর এক মহিলাকে। আমেরিকার নিউ ইয়র্কের টাইম্স স্কোয়্যারে এই ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী ছিলেন অনেকেই। মঙ্গলবার (আমেরিকার স্থানীয় সময় অনুসারে) জানা গেল, আক্রান্ত এবং পরে হত ওই মহিলা ব্যাঙ্ক অফ আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এরিন পিয়াসেন্টি।
বিনা প্ররোচনায় ওই ব্যাঙ্ক আধিকারিকের উপর হামলা চালান ৪৯ বছর বয়সি পামেলা সিসনেরোস। পুলিশ জানিয়েছে, বিনা প্ররোচনায় এরিনের উপর হামলা চালানো হয়। পর্যটক এবং স্থানীয়দের ভিড়ে জমজমাট থাকা টাইম্স স্ক্যোয়ারে এক মহিলাকে ছুরি হাতে অপর মহিলাকে কোপাতে দেখে হতচকিত হয়ে যান অনেকেই। পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ঘাতক মহিলার। আর ওই ব্যাঙ্ক আধিকারিককে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তাঁর। হামলায় ৬৮ বছরের এক বৃদ্ধও আহত হয়েছেন।
নিউ ইয়র্ক পুলিশের তরফে জানানো হয়েছে, ঘাতক মহিলা মানসিক ভারসাম্যহীন। তিন সন্তানের জননী ওই মহিলা আগে কখনও আক্রমণাত্মক আচরণ করেননি বলেই জানতে পেরেছে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘাতক মহিলা হঠাৎই ব্যাগ থেকে দু’টি ছুরি বার করে এক বৃদ্ধকে কোপাতে থাকেন। তার পরেই হামলা হয় ওই ব্যাঙ্ক আধিকারিকের উপর।
ওই ব্যাঙ্ক আধিকারিক পিয়াসেন্টি কয়েক দিন আগেই তাঁর পাঁচ মাসের সন্তান এবং স্বামীর ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছিলেন। ৩২ বছরের এই মহিলা কয়েক দিন আগেই মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে কাজে যোগ দিয়েছিলেন।


