সন্ধান২৪.কম : জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে আগমনকে কেন্দ্র করে নিউইয়র্কের রাজনীতি এখন উত্তাল হয়ে উঠেছে।
দুই দলের মিছিল-মিটিংকে কেন্দ্র করে জ্যাকসন হাইটসে যে কোন সময় সহিংসতা,অসন্তোষ সৃষ্টি ও রাজনৈতিক অস্থিরতা বাড়তে পারে-এমন আশঙ্কা করে এলাকাবাসীর মধ্যে উদ্বিগ্নতা লক্ষ্য করা গেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী কাল ২১ সেপ্টেম্বর নিউইয়র্কে আসছেন। তার আগেই উত্তপ্ত হয়েছে রাজনৈতিক ময়দান। বিশেষ করে বাঙালির রাজধানী হিসেবে খ্যাত জ্যাকসন হাইটস আওয়ামী লীগ বিএনপি‘র আন্দোলন-মিছিল-মিটিং-সভা-সমাবেশে আগুনের উত্তাপ ছড়িয়ে পড়েছে।


দুই রাজনৈতিক দল একে অপরকে পাল্টা জবাব দিয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করছে।
জ্যাকসন হাইটসের গুরত্বপূর্ণ এলাকায় এবং সভা-সমাবেশের উর্বরক্ষেত্র ডাইভারসিটি প্লাজায় বিএনপির নেতা-কর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিলসহ বিভিন্ন কর্মসূচী পালন করছে।
অপর দিকে আওয়ামী লীগ প্রায় প্রতিদিন ‘যেখানেই তারেক,সেখানেই প্রতিরোধ’র ঘোষনা দিয়ে এই এলাকায় মশাল মিছিলসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে।
নিউইয়র্কে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে দুই দলই চাইছে তাদের শক্তি জাহির করতে। যুক্তরাষ্ট্র বিএনপি প্রতিদিন সভা-সমাবেশ করে তাদের নেতা-কর্মীদের চাঙ্গা রাখতে নানা কৌশল অবলম্বন করছে।
অপর দিকে নিউইয়র্কের জেএফকে বিমান বন্দর ও জাতিসংঘের সামনে তারেক রহমানকে প্রতিরোধের লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ লাগাতার কর্মসূচী ঘোষনা করছে।

জ্যাকসন হাইটসে দুই দলই সংবাদ সম্মেলন,মশাল মিছিল, সভা-সমাবেশ,গণসংযোগ,মতবিনিময় অনুষ্ঠানসহ নানা আয়োজনে কর্মীদের ব্যাতি-ব্যস্থ করে রাখছে।


জাতিসংঘে তারেক রহমানের ভাষণ এবং সেই সময় আওয়ামী লীগ ও বিএনপির কর্মপদ্ধতি কি হবে সেটিই এখন নিউইয়র্কের বাঙালি কমিউনিটিতে আলোচিত বিষয় হয়ে উঠেছে । প্রতি বছর সেপ্টেম্বর আসলেই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে রাজপথ, গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয় তুমুল আলোচনা, সমালোচনা এবং নানা হিসাব-নিকাশ।
দুই দলই তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য রাজনৈতিক কৌশলে করছে প্রযুক্তির ব্যবহার । আওয়ামী লীগ ও বিএনপি ফেসবুক, ইউটিউব, টিকটক ও অন্যান্য ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালাচ্ছে। বিএনপি তাদের প্রচারকে তুঙ্গে রাখতে জ্যাকসন হাইটসের আকর্ষণীয় স্থানগুলোতে পোষ্টার ও ব্যানারে সয়লাব করেছে। তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে বিএনপি ও তাদের বিভিন্ন সহযোগী দলের ব্যানারে-ব্যানারে ছেয়ে গেছে ডাইভারসিটি প্লাজা।
বিএনপির আওয়ামী লীগের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, মিজানুর রহমান ভূইয়া (মিল্টন ভূইয়া), জসিম উদ্দিন ভূইয়া,আবু সাঈদ আহমেদ,সাইদুর রহমান সাইদ,হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
অপর দিকে আওয়ামী লীগের আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন ড, সিদ্দিকুর রহমান,আব্দুস ছামাদ আজাদ,ড.প্রদীপ রঞ্জন কর,মোহাম্মদ আলী সিদ্দিকী,ইমদাদুর রহমান ইমদাদ, নুরুজ্জামান সর্দার,সাখাওয়াৎ বিশ্বাস প্রমূখ।


