ইউক্রেন আক্রমণের জন্য রাশিয়ার তেল আমদানি বন্ধ করার পদক্ষেপ অনুসরণ করতে জাপান ‘সমস্যা’র সম্মুখীন হবে বলে সম্প্রতি দেশটির অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রী কোইচি হাগিউদা ইঙ্গিত দিয়েছিলেন। রাশিয়ার তেল নিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া প্রস্তাবের বিষয়ে ভিন্ন মত থাকলেও মস্কোর ওপর আরেক দফা নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপ সফর শেষে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বৃহস্পতিবার রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেন।
নতুন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার প্রায় ১৪০ জন ব্যক্তি এবং কয়েকটি রাশিয়ান ব্যাংকের সম্পদ জব্দ করার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, জাপান এবং জি-সেভেনের বাকি দেশগুলো রাশিয়ার আগ্রাসন সহ্য করবে না। জাপান ইউক্রেনের পাশে আছে বলেও জানান তিনি।
রাশিয়া বুধবার প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ জাপানের ৬৩ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর নতুন নিষেধাজ্ঞার ঘোষণা দিল টোকিও।
প্রসঙ্গত, শুরু থেকেই ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র নিন্দা করে আসছে জাপান। মিত্রদেশ যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়িয়ে মস্কোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে টোকিও। এমনকি জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা পুতিন প্রশাসনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা করার দাবিও জানিয়েছিলেন।


