সন্ধান২৪.কম: জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ব্যানার-পোষ্টারে ছেয়ে গেছে নিউইয়র্ক‘র জ্যাকসন হাইটসের পুরো এলাকা।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক স্টেট বিএনপি,জাতীয়তাবাদী যুবদল যুক্তরাষ্ট্র, নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি উত্তর যুক্তরাষ্ট্র, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন তাদের ব্যানার প্রদর্শনের আয়োজন করেছে। এ ছাড়াও ব্যক্তিগত ভাবেও অনেকেই তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন। এসব প্রচার মাধ্যমে জিয়াউর রহমান,তারেক জিয়ার ছবিসহ যারা প্রচার করছেন তাদেরও ছবি স্থান পেয়েছে।
জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় গেলেই বড় বড় ব্যানার দেখা যাচ্ছে। এছাড়াও জ্যাকসন হাইটসের গুরত্বপূর্ণ স্থান ও সড়কেও বিভিন্ন ব্যানার ও পোষ্টার চোখে পড়ছে।

এ দিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বিভিন্ন পোষ্টার ও ব্যানারে অনেকের নাম দেখে খোদ বিএনপির কয়েকজন নেতা-কর্মী প্রশ্ন তুলেছেন। তারা বলছেন,যাদের অনেককে বিএনপির দু:সময়ের আন্দোলন-সংগ্রামে দেখা যায় নাই তাদের অনেককে বিপুল উৎসাহে নিজেরা ছবিসহ ব্যানার লটকাচ্ছেন।

প্রসঙ্গত, জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন। সাধারণ অধিবেশনে তিনি ভাষণ দেবেন ২৪ সেপ্টেম্বর।
একটি সুত্র থেকে জানা যায়,মাত্র ৯৬ ঘন্টার সফরে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হয়েয়েন মাত্র ২২ জন ।

নিউ ইয়র্কে অবস্থানকালে তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা হওয়ার সম্ভাবনাও রয়েছে।

জাতিসংঘে বাংলাদেশ মিশনের একজন কূটনীতিক বলেছেন, আনুষ্ঠানিক কোনো বৈঠকের কর্মসূচি নেই। তবে বিভিন্ন দেশের সরকার প্রধানদের সম্মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে তাদের সাক্ষাতের সম্ভাবনা রয়েছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস প্রধানমন্ত্রীর কিছু কর্মসূচি নিয়ে কাজ করছে। তবে তা এখনো চূড়ান্ত হয়নি।


